চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একটি আরটিজি-৪০১৪ (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনে আগুন লেগেছে। পরে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরটিজি হচ্ছে কনটেইনার ওঠানো-নামানোর যন্ত্র।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির তিন নম্বর জেটিতে আগুন লাগে।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নগরের বন্দর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও আগুন নেভানোর কাজে যুক্ত হয়। এ সময় ঘটনাস্থলের কাজ সাময়িক বন্ধ ছিল।
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একটি আরটিজি ক্রেনের ইঞ্জিন থেকে আগুনটি লাগে। দুপুর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ক্রেনে আগুনের সূত্রপাত হয়। বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাংলাদেশ নৌবাহিনীর একটি দলও যুক্ত হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক টার্মিনাল এনসিটি। এটিতে চারটি জেটি রয়েছে এবং বন্দরের মোট কনটেইনারের প্রায় অর্ধেক হ্যান্ডলিং করা হয় এই টার্মিনাল দিয়ে। এই টার্মিনালে একসঙ্গে ছোট-বড় মিলিয়ে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। ২০০৭ সালে ৭০০ কোটি টাকা খরচ করে টার্মিনালটি নির্মাণ করা হয়েছিল। পরে প্রায় ১২০০ কোটি টাকা খরচ করে ১৪টি কি গ্যান্ট্রিক্রেনসহ আধুনিক ইকুইপমেন্ট স্থাপন করা হয়। এর আগে গত বছরের ১ অক্টোবর রাত ৮টার দিকে এনসিটিতে আমদানি করা যন্ত্রাংশের একটি কনটেইনারে আগুন লেগেছিল।
নাঈম/