রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহরিয়ার আলম সাম্য নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুইজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৩ মে) রাত ১২টায় টিএসসি সংলগ্ন রমনা কালী মন্দির গেটে বহিরাগত দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় রেখে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে শাহরিয়ারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, ‘রাতে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে।’
এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে বলে তা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম।
তিনি সাংবাদিকদের বলেন, ‘তিন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর ওপর হামলা করেন। এতে হামলাকারীরা আহত হলে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন এমন খবর পেয়ে সেখান থেকে দুজনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় আরেক যুবক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক দুইজনের পরিচয় ও বিস্তারিত পরে জানানো হবে।’
আরিফ জাওয়াদ/অমিয়/