বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।
জানা গেছে, আটকরা নিজেদের বিভিন্ন পত্রিকা ও অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
রিফাত/মেহেদী/