চুয়াডাঙ্গায় মোবাইল ফোন নিয়ে বিরোধে দুই যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের শেখপাড়ার গেন্দু মিয়ার গোডাউনের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বড়বাজার এলাকার বদিউর রহমানের ছেলে রাজু আহমেদ (৩৫) এবং দৌলতদিয়া গ্রামের দক্ষিণপাড়ার জয় সরকারের ছেলে সুবল সরকার (২৫)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুবল সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নৃশংস এ দৃশ্য দেখে জেলায় সমালোচনার ঝড় উঠেছে।
আহত সুবল সরকার জানান, রাতে তিনি ও রাজু শেখপাড়ায় অবস্থান করছিলেন। এ সময় সজিব, রবিন, রুবেল ও কামু নামের কয়েকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন।
সুবল আরও জানান, কয়েকদিন আগে রাজু নগদ টাকা দিয়ে সজিবের থেকে একটি পুরোনো মোবাইল ফোন কিনেছিলেন। কিন্তু ফোনটি আসলে কিস্তিতে নেওয়া ছিল। বকেয়া টাকা না দেওয়ায় কোম্পানি সেটি লক করে দেয়। এ নিয়ে রাজু ও সজিবের মধ্যে কথা কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল সাকিব বলেন, দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রাজুকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে সুবল সরকারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বড়বাজার এলাকায় দুজনকে কুপিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মিজানুর রহমান/নাঈম/