সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় এক যুবককে মোটরসাইকেলে করে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তারা কারা?- পুলিশ ও স্থানীয় লোকজন কিছু বলতে পারছে না। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর কানাইঘাট উপজেলার দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে।
আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, 'ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে সাইফুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে এর তদন্ত চলছে।
সুরতহাল প্রতিবেদনের বরাতে পুলিশ সূত্র জানায়, নিহত সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেদী/