আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে পৃথক দুটি বিশেষ অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে র্যাব-৫-এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন (ফায়ার সার্ভিস মোড়) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই রাতে র্যাব-৫ রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় পৃথক আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪০টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে রামদা ৪টি, হাঁসুয়া ৫টি, ছুরি ৫টি, কুঠার সদৃশ টাঙ্গি ১৮টি এবং হাতলযুক্ত হ্যামার ২টি। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এসব অস্ত্র উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী সময়ে উদ্ধার করা সব আলামতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি, সহিংসতা কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল। র্যাবের বোম ডিসপোজাল ইউনিট প্রাথমিক কার্যক্রম শেষে উদ্ধার করা ককটেলগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’
এনায়েত/এসজি/