ঢাকা ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সর্বশেষ
সুপ্রিম কোর্ট সচিবাল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত লাল বাহাদুর এক লাখ কর্মী পাঠানোর পরিকল্পনায় সম্মতি রাশিয়ার পাঠকের গল্প : বিষ খেতে গিয়ে প্রতারণার শিকার চায়নিজ জামাই চাকরি দেবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এল টেকনো ব্রাজিলিয়ানদের সুখবর দিলেন নেইমার রংপুরে ওয়ার্ডভিত্তিক অপরাধচক্র শনাক্তের নির্দেশ আরপিএমপির ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় আটক ২ দেশের ১৬ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পড়ে পাওয়া গল্প থেকে ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত ইরান-ইসরায়েলের হামলা বন্ধ হলেও হুমকি চলছে দিনাজপুরে বেড়ার হোটেলে নিম্নমানের খাবারসহ একাধিক অভিযোগ ইরানে হামলা চালালে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বকাপ নিয়ে অনারের ক্যাম্পেইন, ফোন-ট্যাবলেটসহ পুরস্কার জেতার সুযোগ বিশ্বকাপের আগে জয়ের ধারায় ফিরল স্পেন ইরান ও হিজবুল্লাহ আগের চেয়েও দুর্বল: নেতানিয়াহু বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস আজ প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স টিভিতে আজকের খেলা ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সিলেটে বালুচাপা দেওয়া ভারতীয় জিরাসহ চোরাইপণ্য জব্দ, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন পদ্মায় গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত সবজির দাম অনেকটা সহনীয়, মাংসের দোকানে এখনো নেই ক্রেতা
Nagad desktop

ধানমন্ডি লেকে অব্যবস্থাপনা জনভোগান্তি কমাতে পদক্ষেপ নিন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
জনভোগান্তি কমাতে পদক্ষেপ নিন

ধানমন্ডি লেক রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই শুধু নয়, নাগরিকদের স্বস্তির জায়গাও। কিন্তু কিছুদিন ধরে লক্ষ করা যাচ্ছে, লেকটি ক্রমেই দূষিত হয়ে পড়ছে, যা খুবই উদ্বেগজনক। প্রতিদিন সকাল, বিকেল, সন্ধ্যায় শহরের বিপুলসংখ্যক মানুষ হাঁটাহাঁটি করেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ঘুরতে আসেন। সবুজ গাছপালার নিচে বসে শরীর-মন শান্ত করেন। শুধু তা-ই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ পরিবার-পরিজন নিয়ে লেকটি দেখতে আসেন। সবুজ প্রকৃতির মাঝে কিছু সময় কাটান। পরিতাপের বিষয়, সময়ের পথপরিক্রমায় এ লেকের সবুজ শীতল চিত্র পাল্টে যাচ্ছে। পরিবেশবিষয়ক সংগঠন চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে প্রকাশিত গবেষণায় ধানমন্ডি লেক-সংশ্লিষ্ট এলাকা কলাবাগানকে ‘হট স্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত জনঘনত্ব, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি, এলাকায় গাছপালা ও সবুজ আচ্ছাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আন্তর্জাতিক মানদণ্ডের নিচে নেমে এসেছে। ধানমন্ডি লেক বিনোদন কেন্দ্রটি আজ আর আগের অবস্থায় নেই। কচুরিপানা, বর্জ্য এবং পয়োবর্জ্যের মাধ্যমে লেকটিকে যেভাবে দূষিত করা হয়েছে, তাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে অচিরেই এটি অসাধুদের দখলে চলে যাবে।

খবরের কাগজের সরেজমিন প্রতিবেদনের তথ্যমতে, লেকের আশপাশের গাছপালার অবস্থা শোচনীয়। অনেক গাছ ভেঙে পড়েছে, কিছু কাটা অবস্থায় রয়েছে, আবার অনেক গাছ হেলে পড়েছে। যথার্থ পরিচর্যার অভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, যা এলাকার পরিবেশগত ভারসাম্য আরও নাজুক করে তুলেছে। নিরাপত্তা পরিস্থিতির চিত্র উদ্বেগজনক। লেকের ভেতর ও পাড়ে হকারের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। সেখানে দিনরাত অবাধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যার পর এই পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। অবকাঠামোগত সমস্যাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। লেকের পাশে মসজিদ-উত-তাকওয়া এলাকায় সড়ক দীর্ঘদিন ধরে খোঁড়া অবস্থায় পড়ে আছে। এতে ধুলাবালি ছড়িয়ে এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। প্রায় এক বছর ধরে এ অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে যারা নিয়মিত লেকে হাঁটাহাঁটি বা দৌড়াতে আসেন, তারা এখন বিব্রতকর অবস্থার মুখোমুখি হচ্ছেন।
ধানমন্ডি লেকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন। সংস্থাটি সূত্রে জানা গেছে, লেকের পানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং গাছপালার দায়িত্ব আলাদা বিভাগের অধীনে থাকায় সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অবহেলা আরও বাড়ছে।

রাজধানীর ধানমন্ডি লেকটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। লেকের পানি পচে গেছে, কচুরিপানা ও বর্জ্যে ঢেকে যাচ্ছে। দূষণের ছোবলে বাড়ছে মশা ও দুর্গন্ধ। রাজধানীর মানুষ যখন একটু স্বস্তির জন্য ধানমন্ডি লেকে ঘুরতে যান, তখন বিড়ম্বনায় পড়তে হয়। লেকে ভিক্ষুকের সংখ্যাও অনেক বেড়েছে। অথচ একটা সময় লেকটি ভিক্ষুকমুক্ত ছিল। এমন উদ্বেগজনক পরিস্থিতি থেকে লেকটি বাঁচাতে কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

শিশু রামিসা হত্যাকাণ্ডে ফাঁসির রায় বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:০৭ এএম
বিচারিক প্রক্রিয়ার এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা হয়েছে গতকাল। বহুল আলোচিত এই রায় ঘোষণার মাধ্যমে দেশে বিচারিক প্রক্রিয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দেশব্যাপী ব্যাপক জনরোষ এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ন্যায়বিচারের আশ্বাসের পর গতকাল রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুক সালেকিন বেলা ১১টা ৩৮ মিনিটে এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলা কেবল একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়; এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলাব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষা। একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগ দায়ের এ মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায়বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। 

এ রায়ের মধ্য দিয়ে মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারের নজির স্থাপিত হলো। বিচারক দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার আদেশ দেন। অপরদিকে আসামি স্বপ্নাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান প্রত্যাশা করেন, উচ্চ আদালতে গেলেও এ রায় বহাল থাকবে। তিনি বলেন, প্রত্যেক ধাপ সম্পন্ন করে কার্যত ছয় কার্যদিবসের মধ্যে এ রকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করা সম্ভব হলো। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলছেন, রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক। তিনি আরও বলেন, হাইকোর্টে নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। রামিসার বাবা মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া সময়ে কাঙ্ক্ষিত রায় পেয়েছি।’ দ্রুত কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচারে এত দ্রুত রায় ঘোষণার নজির নেই। 

সম্প্রতি আমরা লক্ষ করেছি, দেশে নারী ও শিশু ধর্ষণ অনেক বেড়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, ভুক্তভোগীদের বেশির ভাগ শিশু। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যমতে, চলতি বছরের মে মাসে ২৫৯ জন নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে গণমাধ্যমের খবরে এসেছে। বলা হচ্ছে, এর মধ্যে ৫৯ মেয়েশিশুসহ ৭২ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া বিভিন্ন কারণে ১২ মেয়েশিশু, ৩৪ জন নারীসহ মোট ৪৬ জন হত্যার শিকার হয়েছেন। 

বিচার না হওয়া এবং বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় এসব অপরাধ ব্যাপক বিস্তার ঘটেছে। আমরা আশা করব, শুধু রামিসাই নয়, শিশু আছিয়া হত্যাকাণ্ডের মতো আরও যেসব হত্যাকাণ্ড এ দেশে ঘটেছে, সব অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করতে হবে। একটি স্বচ্ছ বিচার-প্রক্রিয়া অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা। এর মাধ্যমে অপরাধীদের অপরাধ করতে গেলে একবার হলেও ভাবতে হবে। সরকার চাইলেই দ্রুত যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তার নজির রামিসা হত্যাকাণ্ডে ফাঁসির রায়। এর মাধ্যমে জনগণের মনে কিছুটা হলেও স্বস্তি এসেছে যে, অপরাধ করলে অপরাধী শাস্তি পাবে। সত্যিকার অর্থে রাষ্ট্রে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না হলে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে না। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে, সেটিই কাম্য।

পুশইন নয়, আন্তর্জাতিক আইন মেনে চলুন শূন্যরেখায় মানবেতর জীবন

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
শূন্যরেখায় মানবেতর জীবন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে আইনি বিধির তোয়াক্কা না করে জোরপূর্বক পুশইনের পথ বেছে নিচ্ছে। এটি যেমন নিন্দনীয়, তেমনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তারা আইনের দীর্ঘসূত্রতা এড়াতে রাতের আঁধারে বা সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এসব কাজ করছে। এই একতরফা নীতির কারণে সীমান্তের শূন্যরেখায় মানবিকসংকট আরও ঘনীভূত হচ্ছে। গত কয়েক দিনে যশোর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সিলেট, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে একাধিকবার পুশইনের ঘটনা ঘটেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে আটকে থাকা ২৮ জনের কান্নায় জিরো লাইনের বাতাস ভারী হয়ে উঠেছে। শিশুদের কান্না আর নারীদের আকুতি স্থানীয় সীমান্তবাসীকেও ব্যথিত করে তুলেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র রোদ, রাতের ঠাণ্ডা আর বৃষ্টি এবং খাদ্য ও সুপেয় পানির অভাবে, বিশেষ করে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মানবিক কারণে কিছু জরুরি সহায়তা দেওয়া হলেও আইনি জটিলতায় তাদের স্থায়ী সমাধান মিলছে না। মানবাধিকারকর্মীরা বলছেন, জাতীয়তা যা-ই হোক না কেন, বিচারহীনভাবে কোনো মানুষকে এভাবে জিরো লাইনে বন্দি করে রাখা এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনার চিত্র নয়, বরং সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতের পক্ষ থেকে পুশইনের এক অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক প্রবণতা। কয়েক দিন ধরেই এই অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এবং অনুপ্রবেশকারী দমনের নামে সীমান্তরক্ষী বাহিনী সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সমঝোতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাভাষী মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরাসরি অভিযোগ করেছে যে ভারত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সীমান্ত চুক্তি বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, এই অনিয়মতান্ত্রিক পুশইন বন্ধের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। বাংলাদেশ ভারতকে স্পষ্ট জানিয়েছে, যেকোনো নাগরিককে ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় চুক্তি, প্রটোকল এবং আন্তর্জাতিক আইন রয়েছে। কোনো ব্যক্তিকে অপরাধী বা অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করলেই তাকে সরাসরি সীমান্তে এনে ছেড়ে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশিসহ যেকোনো বিদেশি নাগরিক যদি ভারতে অবৈধভাবে অবস্থান করেন, তবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দেশে আইন রয়েছে। সেই আইন অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
ভারতের বিএসএফের অবৈধ পুশইন ও চোরাচালান রোধে বাংলাদেশের সীমান্তগুলোতে নজরদারি ও জনবল বৃদ্ধি করেছে বিজিবি। সীমান্ত সুরক্ষার জন্য এটি আরও বাড়াতে হবে। ভারত একটি বন্ধুপ্রতিম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা এবং অনুপ্রবেশকারী ঠেকানোর নামে যে পুশইন তৎপরতা ভারত শুরু করেছে, তাতে এটি আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সমঝোতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আশা করছি, দুই দেশের সম্পর্ককে গতিশীল ও দৃঢ় করতে ভারত আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করবে। একই সঙ্গে বড় দেশ হিসেবে ভারতকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

দেশে তীব্র তাপপ্রবাহ এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:৩২ পিএম
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ। সেই সঙ্গে আগুনে ঘি ঢালতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সক্রিয় হচ্ছে ওশেনিয়া অঞ্চলের আবহাওয়ার বিপজ্জনক ধাপ ‘এল নিনো’। প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে উঠে আসা এই উষ্ণ জলরাশি এবার ‘সুপার এল নিনো’ বা ইতিহাসের অন্যতম শক্তিশালী রূপ নিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। ইতোমধ্যে দেশে একের পর এক জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। দেশের কোনো কোনো অঞ্চলে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী এল নিনো তৈরি হলে বাংলাদেশে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টিপাতের ঘাটতি, পানিসংকট, ফসলহানি, স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। কারণ বাংলাদেশের অর্থনীতি, কৃষি, খাদ্য উৎপাদন, পানিসম্পদ, জনস্বাস্থ্য এবং শ্রমনির্ভর জীবনযাত্রা সরাসরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। তাই তাপপ্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এখনই আমলে নিতে হবে। আগাম সতর্কবার্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে।

বৈশ্বিক জলবায়ু চক্রের চেয়েও দেশের ভেতরের মানবসৃষ্ট স্থানীয় বিপর্যয়গুলোই এ দাবদাহকে মানুষের সহ্যক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। দেশে চলমান তীব্র তাপপ্রবাহ ও আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের পেছনে বৈশ্বিক কারণগুলোর চেয়ে স্থানীয় কারণ তথা জনসংখ্যা বৃদ্ধি, নির্বিচারে বন উজাড় ও জলাশয় ভরাটকে প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনাবৃষ্টির হাত থেকে ফসল বাঁচাতে কৃষকরা এখন ব্যাপকভাবে গভীর নলকূপ ব্যবহার করছেন। এতে সরাসরি উৎপাদন ব্যাহত না হলেও ভূগর্ভস্থ পানির স্তর মারাত্মকভাবে নিচে নেমে যাচ্ছে। এতে সেচ দিতে গিয়ে কৃষকের উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশকে এখন তাপপ্রবাহ ব্যবস্থাপনার জন্য পৃথক নীতি, আগাম সতর্কবার্তা, নগর পরিকল্পনা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি হাতে নিতে হবে।

জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকটই নয়, এটি জনস্বাস্থ্যসংকটে পরিণত হয়েছে। বাংলাদেশ তাপপ্রবাহের ভয়াবহতা উপলব্ধি করেছে ২০২৪ সালে। সেই সময়টাতে অনেক অঞ্চলে স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়েছিল। হাসপাতালে হিটস্ট্রেকা ও পানিশূন্যতার রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নিম্ন আয়ের মানুষ। এ সময়ে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় মানুষ অনবরত ঘামছে এবং গরম বেশি অনুভূত হচ্ছে। এর ফলে মেগাসিটির বস্তিবাসী ও রিকশাচালক, হকার বা দিনমজুরের মতো শ্রমজীবী মানুষের ভোগান্তি বহু গুণ বেড়েছে। সারা দেশেও কয়েক দিন ধরে গরমের তীব্রতা বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ঠিকমতো কাজ করছে না অনেকের। এতে হিট স্ট্রোকের আশঙ্কা দেখা দিচ্ছে। এ সময়ে ডায়রিয়া, বমি, টাইফয়েড, আমাশয়, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগও দেখা দিচ্ছে।

বাংলাদেশে গত কয়েক বছরে তাপপ্রবাহের গতি প্রকৃতি দ্রুত বদলে গেছে। এ ধরনের প্রচণ্ড তাপপ্রবাহ বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সেই সঙ্গে সরকারকে তাপপ্রবাহ মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন। গণমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালাতে হবে। তাপমাত্রা কমাতে নগরাঞ্চলে সবুজ বনায়ন অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে। তাই এখনই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে।

সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করুন কোরবানির চামড়া বিক্রিতে ধস

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০২:৫২ পিএম
কোরবানির চামড়া বিক্রিতে ধস

তৈরি পোশাকশিল্পের পর দ্বিতীয় বৃহত্তর সম্ভাবনাময় খাত হচ্ছে চামড়াশিল্প। অথচ এই খাতটি অবহেলার শিকার। নানা সমস্যায় জর্জরিত এ শিল্প নিয়ে সরকারের কোনো দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাও পরিলক্ষিত হয়নি। এবার ঈদুল আজহার প্রাক্কালে সরকারের পক্ষ থেকে নানামুখী আশ্বাস এবং স্থানীয় প্রশাসনের তদারকিও কাজে আসেনি। খবরের কাগজের ব্যুরো অফিস, প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদকদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্যে জানা যায়, কোথাও কোরবানির চামড়ার ন্যায্য দাম মেলেনি। ঈদুল আজহার আগে শিল্পমন্ত্রী কয়েক দফায় গণমাধ্যমে আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবার চামড়ার বাজারে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। চামড়া সরকারনির্ধারিত দামেই বিক্রি হবে। মাঠপর্যায়ে কোথাও যেন অনিয়ম না হয়, সে জন্য প্রশাসন কঠোর নজরদারি করবে। চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য বাজারে প্রচুর পরিমাণে লবণ সরবরাহ করা হয়েছে। এমনকি চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। অথচ মাঠের বাস্তব চিত্র ছিল ভিন্ন।

ঈদের দিনে পাইকারি আড়তগুলোতে চরম মন্দাভাব দেখা যায়। রিকশাভ্যান ও ট্রাকে করে চামড়া নিয়ে আসা কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিপাকে পড়ে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকারনির্ধারিত দামে আড়তদাররা চামড়া কিনছেন না। তারা সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে চামড়া কিনছেন। কোরবানির চামড়ার বাজারে আকর্ষিক এই দরপতনে তাদের দিশেহারা অবস্থা। নিরুপায় হয়ে চামড়া সংগ্রহকারীরা আড়তের সামনে চামড়া ফেলে রেখে চলে গেছেন। কিছু কিছু এলাকায় চামড়া মাটিতে চাপা দেওয়ার ঘটনাও ঘটেছে। আবার কোথাও ক্রেতা না পেয়ে অনেকে চামড়া রাস্তায় ফেলেও দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এক যুগ ধরে কোরবানির চামড়ার বাজারে চরম অস্থিরতা চলছে। প্রতিবছর একটি নির্দিষ্ট সিন্ডিকেট কৌশলে সক্রিয় হয়ে ওঠে। এই সিন্ডিকেট সরকারের বেঁধে দেওয়া দামকে তোয়াক্কা করে না। তারা অনেক কম দামে চামড়া কেনে। ফলে প্রতিবছর প্রচুর চামড়া নষ্ট হয়। মূলত সঠিক সংরক্ষণের অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। চামড়ার বাজারের এই অস্থিরতা দূর করতে শিল্প মন্ত্রণালয় একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনেও সরকারি উদ্যোগে চামড়া সংরক্ষণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কারখানাগুলোর অব্যবহৃত জায়গায় সংরক্ষণ কেন্দ্র করা সম্ভব। এসব কেন্দ্রে আশপাশের এলাকা থেকে চামড়া সংগ্রহ করে সহজেই সংরক্ষণ করা যাবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, প্রতিবছর কোরবানির পশুর চামড়া কেনাবেচা নিয়ে চরম নৈরাজ্য হয়। সরকারকে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। সরকার বিভাগীয় শহরগুলোতে বিসিকের শিল্পপ্লট ব্যবহার করতে পারে। সেখানে চামড়া সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা সম্ভব। মৌসুমি ব্যবসায়ী ও কোরবানিদাতারা চামড়া কেনার পর সেখানে তা সংরক্ষণ করবেন। পরবর্তী সময় ভালো দাম পাওয়া গেলে আড়তদার ও ট্যানারিমালিকদের কাছে তা বিক্রি করা যাবে। এতে চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না। একই সঙ্গে কম দামে দ্রুত চামড়া বিক্রি করার লোকও থাকবে না।

প্রতিবছর কোরবানির পশুর চামড়া নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়, তাতে চামড়ার ন্যায্য দাম নিশ্চিত হয় না। সেই সঙ্গে কোরবানিদাতা, মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ চামড়া নিয়ে চরম ভোগান্তিতে পড়ে। অথচ একসময় কোরবানির মৌসুমে ছাগল, বকরি ও খাসির চামড়া ছিল গ্রামের দরিদ্র মানুষ, মাদ্রাসা ও মৌসুমি ব্যবসায়ীদের বাড়তি আয়ের অন্যতম উৎস। সেই চামড়া এখন অনেকের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে রপ্তানিযোগ্য এই অর্থকরী পণ্যের বড় একটি অংশ অর্থনীতির বাইরে চলে যাচ্ছে। তাই সংকট উত্তরণে সরকারকে টেকসই সমাধান খুঁজে বের করতে হবে। চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এবার চামড়ার বাজারে যে ধস লক্ষ করা গেছে, তা যেন পরবর্তী সময়ে না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সরকারি সিদ্ধান্তের তোয়াক্কা না করে যারা সিন্ডিকেট করে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করছি, সরকার চামড়ার নৈরাজ্য দূরীকরণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে।

নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যবস্থা নিন বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:২৭ পিএম
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি

দেশে জ্বালানি তেলের পর বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বাড়তি চাপ পড়বে সব শ্রেণির গ্রাহকের ওপর। গত বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন ঘোষণায় পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এ ছাড়া গ্রাহক পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ইউনিটপ্রতি গড়ে ১ টাকা ৫২ পয়সা বেশি গুনতে হবে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দাম জুন থেকেই কার্যকর হবে।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাইকারি দাম বাড়ানোয় বছরে পিডিবির আয় বাড়বে ১৪ হাজার কোটি টাকা। এতে সরকারের ভর্তুকি কিছু কমবে। এর পরও ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার। আর খুচরা দাম বাড়ানোয় ভোক্তার কাছ থেকে বাড়তি আসবে বছরে সাড়ে 
১৫ হাজার কোটি টাকার বেশি। এর বাইরে আনুপাতিক হারে ভ্যাট, করও বাড়বে সরকারের। তাই নিম্ন আয়ের মানুষের ব্যবহৃত বিদ্যুতের দাম না বাড়ালেও হতো।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে এক গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানিতে দেশের সংশ্লিষ্ট শিক্ষক, রাজনৈতিক নেতা, জ্বালানি বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিদ্যুতের দাম না বাড়ানোর পরামর্শ দেন। তাদের বক্তব্য ছিল, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া উচিত। তবে এসব পরামর্শ উপেক্ষা করেই শেষ পর্যন্ত মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুতের দাম প্রায় ১৭ শতাংশ বাড়িয়েছে সরকার। জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম বাড়ানোয় বাড়তি চাপে থাকা মানুষ আরও চাপের মুখে পড়েছে। সংসার চালানোর খরচ আরও বেড়ে যেতে পারে বলে অনেকেই শঙ্কায় রয়েছেন।

সরকারকে বিদ্যুৎ খাতে অনেক ভর্তুকি দিতে হয়। বিদ্যুতে সরকারের ভর্তুকির বড় সুফল পান সচ্ছল ও ধনী ব্যক্তিরা। এদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো, সামাজিক সুরক্ষা, সুদ ব্যয় বৃদ্ধিসহ নানা খাতে সরকারের ব্যয় বাড়ছেই, কিন্তু সরকারের রাজস্ব আদায় খুবই কম। এরই মধ্যে সরকার বড় আকারের জাতীয় বাজেট নিয়ে কাজ শুরু করেছে। সরকারের উচিত হবে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে রেখে মুদ্রাস্ফীতিকে ভিন্নভাবে মোকাবিলা করা। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে পণ্যের উৎপাদন ও বিক্রয় খরচ বাড়বে। এমনিতেই মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা। সীমিত আয়ের মানুষের প্রকৃত আয় এখন অনেক কমেছে। নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। ধনী ও গরিবের মূল্যবৃদ্ধির হারে তেমন তফাত নেই। এ অবস্থায় সরকারের উচিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সে ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা, মুদ্রানীতি, বিনিময় হার, ব্যাংকিং খাতের আর্থিক সুশাসন নিশ্চিত করা। যাতে মূল্যস্ফীতি আরও উসকে না যায়, সে দিকটায় নজর রাখা জরুরি। আশা করছি, সরকার একটি সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিদ্যুতের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবিলায় একটি টেকসই সমাধান খুঁজে পাবে।