মেশিন লার্নিং প্রযুক্তির ওপর গবেষণা করে এবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী জন জে. হপফিল্ড ও জেফ্রি ই. হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে উন্নত করার মৌলিক আবিষ্কারের জন্য এ দুই বিজ্ঞানীকে সম্মানিত করা হয়েছে। তাদের এই আবিষ্কারের ফলেই চ্যাটজিপিটির মতো যুগান্তকারী সিস্টেম আমাদের সামনে এসেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সুইডেনের স্টকহোম থেকে ‘দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস’ আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নিউরাল নেটওয়ার্ক এমন একটি সিস্টেম, যা মানুষের ব্রেনের মতো তথ্য শিখন এবং প্রক্রিয়াজাতকরণে ঠিক একই উপায়ে কাজ করে। আমাদের মস্তিষ্ক যেমন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তেমনি নিউরাল নেটওয়ার্ক সিস্টেমের ফলে এআই টুলসগুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অতীত অভিজ্ঞতাকে বিবেচনা করে। এই প্রক্রিয়াকে বলে ‘ডিপ লার্নিং’।
কী আবিষ্কার করেছেন তারা?
নোবেল কমিটি জানিয়েছে, জন হপফিল্ড ও জেফ্রি হিন্টন এমন কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন, যা আজকের মেশিন লার্নিং প্রযুক্তির ভিত্তি গড়ে তুলেছে। জন হপফিল্ড এমন একটি ‘অ্যাসোসিয়েটিভ মেমোরি’ পদ্ধতি তৈরি করেছেন, যা ডেটায় সংরক্ষিত ছবি বা প্যাটার্ন পুনর্গঠনে সক্ষম। পদ্ধতিটি যন্ত্রকে ছবি চিনতে এবং প্যাটার্ন শনাক্ত করতে সহায়তা করে।
অন্যদিকে জেফ্রি হিন্টন এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যা ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে এবং মেশিনকে জটিল কাজ যেমন নির্দিষ্ট ছবি বা উপাদান শনাক্ত করতে সহায়তা করে।
বিজ্ঞানীদের পরিচিতি
মার্কিন বিজ্ঞানী জন জে. হপফিল্ড (৯১) যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৫৮ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত।
ব্রিটিশ বংশোদ্ভূত কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই. হিন্টন (৭৬) ১৯৪৭ সালে যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে পিএইচডি অর্জন করেন এবং বর্তমানে কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার’ নামে সমধিক পরিচিত। নোবেল কমিটি তার নাম ঘোষণার পর মোবাইল ফোনে তিনি তিনি অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না এমন কিছু হতে পারে, আমি বাকরুদ্ধ।’ সূত্র: বিবিসি