ভারতে রাজনীতির ময়দানে বহু আগে থেকেই পরিচিত মুখ রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। একাধিকবার নির্বাচনি প্রচারেও দেখা গেছে তাকে। কিন্তু আগে কখনো নির্বাচনে লড়েননি তিনি। তবে এবার মাঠের লড়াইয়ে দেখা যাবে তাকে।
বুধবার (২৩ অক্টোবর) কেরালা রাজ্যের ওয়েনাড় লোকসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবেই রাজনীতিতে নামলেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তার মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ‘রোড শো’তেও অংশ নিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। এক দিন আগে গত মঙ্গলবার ওয়েনাড়ে যান প্রিয়াঙ্কা। সেখানে স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠকে সোনিয়া গান্ধীও উপস্থিত ছিলেন।
ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে ওয়েনাড় ও উত্তর প্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন রাহুল। সে সময় ভাইয়ের নির্বাচনি প্রচারে সরব অংশগ্রহণ ছিল প্রিয়াঙ্কার। পরে দুটি আসন থেকেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন রাহুল।
প্রিয়াঙ্কা যে ওয়েনাড় থেকে লড়বেন, সে খবর আগেই জানিয়েছিলেন রাহুল। গত ১৭ জুন রায়বেরেলির আসন ধরে রেখে ওয়েনাড়ের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পাশাপাশি জানান, প্রিয়াঙ্কা ওই আসনে উপনির্বাচনে লড়বেন। এরপর কংগ্রেসের পক্ষ থেকেও ওয়েনাড়ের প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম জানানো হয়।
প্রসঙ্গত, ওয়েনাড় কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। ভোট গণনা হবে আগামী ২৩ নভেম্বর।
ওয়েনাড়ে প্রিয়াঙ্কাকে লড়তে হবে সাবেক বিধায়ক ও সিপিআইয়ের রাজ্য সহসম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের বিরুদ্ধে। সূত্র: আনন্দবাজার পত্রিকা