ক্রিমিয়া সেতুসহ রাশিয়ার সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্বস্ত প্রতিরক্ষা সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন কেরচ প্রণালির সেতুকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। যার প্রেক্ষিতেই এই নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা।
এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ (পুতিন) এই বিষয়ে অনেক আগেই নির্দেশনা দিয়েছেন। আমাদের সশস্ত্র বাহিনী সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। যার মধ্যে ক্রিমিয়ার সেতুও অন্তর্ভুক্ত।’
তিনি আরও বলেন, ক্রিমিয়ার সেতুটি রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। কারণ এটি কেরচ প্রণালির ওপর নির্মিত। যা ক্রিমিয়া ও সেভাস্তোপোল অঞ্চলের সঙ্গে ক্রাসনোদার অঞ্চলকে সংযুক্ত করেছে।
এদিকে, ২০১৪ সালে ক্রিমিয়া এবং সেভাস্তোপোলের জনগণ রাশিয়ার অংশ হয়ে গণভোটে অংশ নেয়। ফলাফলে এই দুই অঞ্চলের জনগণ রাশিয়ার অংশ হতে চায়। কিন্তু অনুষ্ঠিত গণভোটের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় কিয়েভ।
এ ছাড়াও কিয়েভ ক্রিমিয়ার এই সেতুর প্রভাব নিয়েও বেশ অসন্তুষ্ট। তারা এই সেতু ধ্বংস করতে বারবার হামলা চালিয়েছে। তবে রুশ নিরাপত্তা বাহিনী এবং সেতুর গঠনগত বৈশিষ্ট্যের কারণে সে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সূত্র: তাস
তাওফিক/অমিয়/