সৌদি আরব আবারও অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান চালিয়েছে। গত এক সপ্তাহে ১৯ হাজার ৫৪১ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
শনিবার (৪ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রমআইন লঙ্ঘন করার কারণে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি একটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার অবৈধ প্রবাসীদের মধ্যে ১১ হাজার ৪০২ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য, ৪ হাজার ৭৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য এবং আরও ৩ হাজার ৩৬৪ জনকে শ্রমআইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনটি জানায়, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যাদের মধ্যে ৫৮ শতাংশ ছিল ইথিওপীয়, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল।
এ ছাড়াও প্রতিবেদন অনুযায়ী ১২৯ জনকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধ প্রবেশকারীদের পরিবহন ও আশ্রয়দানে জড়িত ছিলেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সহায়তা করবে, (যেমন- পরিবহন এবং আশ্রয় প্রদান করবে) তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ ছাড়া যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কায় ৯১১ নম্বরে এবং রিয়াদ অঞ্চলে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে। সূত্র: আরব নিউজ
তাওফিক/