উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের সমুদ্র লক্ষ্য করে পিয়ংইয়ং একটি মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা।
সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা বিবিসি।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ১০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সমুদ্রে আঘাত হানে। এ ঘটনাকে 'উসকানিমূলক' আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছে সিউল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিউলে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের সময়ই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ ঘটনা ঘটল।
সোমবার (৬ জানুয়রি) ব্লিঙ্কেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ওয়াশিংটন ও সিউলের জোটকে কোরীয় উপদ্বীপে ‘শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা উত্তর কোরিয়ার পরবর্তী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি গভীর পর্যবেক্ষণে রাখছে।
দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের এই সামরিক তৎপরতায় শঙ্কিত দেশটির জনগণ।
গত ডিসেম্বরে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন ঘোষণার দায়ে অভিশংসিত হন। বর্তমানে তার গ্রেপ্তার প্রক্রিয়া চলমান।
এ দিকে দেশটির সাংবিধানিক আদালতও ইওলকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি বিবেচনা করছে।
সর্বশেষ নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। এ সময় তারা পূর্ব উপকূলে অন্তত সাতটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সূত্র: বিবিসি।
নাবিল/