ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত ৩০ জনের বেশি ব্যক্তি ও বেশ কয়েকটি বাণিজ্য-জাহাজকে ওয়াশিংটনে কালো তালিকাভুক্ত করার পদক্ষেপকে ‘শত্রুতার স্পষ্ট লক্ষণ’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে ইরান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের জাতীয় তেল আহরণ প্রতিষ্ঠানের প্রধান ও তেল বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োজিত অভিযুক্তদের লক্ষ্য করে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন নতুন এই পদক্ষেপের ঘোষণা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনর্বহালের এক মাসেরও কম সময়ের মধ্যে নিষেধাজ্ঞার দ্বিতীয় ধাপ ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘নিষেধাজ্ঞাগুলো ইরানের জনগণের কল্যাণ, উন্নয়ন ও সুখের প্রতি মার্কিন নীতিনির্ধারকদের শত্রুতার সুস্পষ্ট লক্ষণ।’
বিবৃতিতে তিনি এই পদক্ষেপগুলোকে ‘ইরানি জনগণের মানবাধিকার পরিপন্থি, অযৌক্তিক ও অবৈধ কাজ’ বলে অভিহিত করেছেন।
এর আগে গত জানুয়ারিতে ক্ষমতাগ্রহণের পর ট্রাম্প ইরানকে ‘মহান ও সফল দেশ’ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করে তেহরানের সঙ্গে সংলাপের আহ্বান জানান।
তবে সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ‘চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার’ তোপে দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন। সূত্র: এএফপি, বাসস
নাইমুর/