যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির তহবিল বাতিলের সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে। এর আগে এই মাসের শুরুর দিকে ওয়াশিংটনের এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রাশসনকে বিদেশি সহায়তা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জন রবার্টস সেই আদেশ সাময়িকভাবে স্থগিত করে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ইউএসএআইডির তহবিলের ৯০ শতাংশ বাতিলের আইনি বৈধতা পায়, যা ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ হিসেবে বিদেশে মার্কিন ব্যয় সীমিত করার প্রচেষ্টার এক নতুন পদক্ষেপ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫৮ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।
ট্রাম্প প্রশাসন তাদের দাখিল করা এক নথিতে জানিয়েছে, ইউএসএআইডি ও পররাষ্ট্র দপ্তর প্রায় ১০ হাজার চুক্তি ও অনুদান বাতিল করার পরিকল্পনা করেছে।
বিদেশি সাহায্য বিতরণের এই বিতর্কের সূত্রপাত ঘটে সাহায্য সংস্থাগুলোর দায়ের করা দুটি মামলার পর। যেখানে তারা অভিযোগ করে, ট্রাম্প প্রশাসন অবৈধভাবে সব বিদেশি সহায়তা অর্থ প্রদান স্থগিত রেখেছে। এর প্রেক্ষিতে গত ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনের ফেডারেল বিচারক আমির আলি ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের বিদেশি সহায়তা পুনরায় চালু করার আদেশ দেন এবং ট্রাম্পের আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এর পরও অর্থ প্রদান বন্ধ রেখেছিল ট্রাম্প প্রশাসন। সূত্র: রয়টার্স
তাওফিক/