ইলন মাস্ক এবং তার ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডোজ)’ বা ‘সরকারি দক্ষতা বিভাগ’-কে একজন ফেডারেল বিচারক বিভাগটির বিভিন্ন ধরনের রেকর্ড হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। যেখানে বিভাগটির কর্মীদের পরিচয়, ফেডারেল সরকারের ব্যয় এবং দেশটির অন্যান্য বিভাগের বিভিন্ন কর্মসূচির ব্যয় কমানোর প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইউএস ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকানের আদেশে ১৪ জন ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেলের করা একটি মামলার অংশ হিসেবে মাস্ককে তার বিভাগ ডোজের কার্যকলাপ সম্পর্কিত এই নথি উপস্থাপন করতে বলা হয়েছে ।
এই মামলায় অভিযোগ করা হয়, বিভাগটিতে কেবল সিনেটের কর্মকর্তাদের থাকা উচিত এমন ক্ষমতা ব্যবহার করে সংবিধান লঙ্ঘন করেছেন মাস্ক।
বিচারক চুটকান তার ১৪ পৃষ্ঠার এই সিদ্ধান্তে বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে মাস্কের কাছ থেকে তার কর্তৃত্বের পরিধি স্পষ্ট করার জন্য নথি সংগ্রহ করার অনুমতি দিয়েছেন। যাতে তিনি যে অসাংবিধানিকভাবে কাজ করছেন এবং এ কারণে এই বিভাগের কার্যক্রম বন্ধ করে আদেশ দেওয়া যায়।’
এই বিচারক আরও পরামর্শ দিয়েছেন , মাস্কের তথাকথিত আবিষ্কারের অনুরোধগুলো শুধু নথিপত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে না। এগুলো প্রকাশ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন , ‘গত কয়েক সপ্তাহ ধরে, কোনো প্রকল্পে নিজের সম্পৃক্ততা থেকে শুরু করে ডোজ কীভাবে কাজ করে তা গোপন করার জন্য মাস্ক অনেক কৌশল ব্যবহার করেছেন। যেন মাস্ক নিজেই একজন 'বিশেষ সরকারি কর্মচারী।’
এমনকি হোয়াইট হাউস বলেছে, তার আর্থিক তথ্যাবলি জনসম্মুখে প্রকাশ করা হবে না।
এই মামলার কেন্দ্রবিন্দুতে দেশটির সংবিধানের একটি নির্দিষ্ট বিধানের উপর আলোকপাত করা হয়েছে। যেখানে বলা আছে, যেসব সরকারি কর্মকর্তারা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন এবং ক্ষমতা প্রয়োগ করেন তারা হলেন 'প্রধান কর্মকর্তা'। তারা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং সিনেট কর্তৃক অনুমোদিত হলেই কেবল সেই কর্তৃত্ব প্রয়োগ করতে পারবেন।
কিন্তু এই বিভাগে মাস্কের ভূমিকা অস্পষ্ট। কারণ তিনি সিনেট কর্তৃক অনুমোদিত নন কিন্তু ডোজের প্রধান হিসেবে ফেডারেল সংস্থা এবং কর্মসূচিতে ব্যাপক কাটছাঁটের নির্দেশ দিচ্ছেন। তার এই কর্মকাণ্ড অসাংবিধানিক এবং অসমর্থনযোগ্য । সূত্র: দ্য গার্ডিয়ান
দিনা/সুমন/