যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গণগুলির ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে।
হাসপাতালের কর্মকর্তারা আহতদের তথ্যটি নিশ্চিত করেছে।
ছয়জনের শরীরেই গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছে টালাহাসে মেমোরিয়াল হেলথকেয়ার। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকি পাঁচজনও শঙ্কামুক্ত নন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্ররা বলছে, এ ঘটনায় একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পরে ওই গুলির ঘটনা ঘটে। দ্রুতই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জরুরি সতর্কীকরণ ব্যবস্থা ঘটনার সঙ্গে সঙ্গেই বার্তা পাঠিয়ে সব শিক্ষার্থীকে সতর্ক করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলে এবং দরজা ও জানালা থেকে দূরে থাকতে বলে। পরে পুলিশের হস্তক্ষেপে ভেতরে আটকা পড়া শিক্ষার্থীদের হাত উঁচু করে বের হয়ে আসতে দেখা যায়।
ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। একই ধরনের বার্তা দেওয়া হয় ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেনারেল জেমাস উথমিয়েরের দপ্তর থেকেও। সূত্র: সিএনএন