পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক দল বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী খিয়েল দাস কোহিস্তানি।
রবিবার (২০ এপ্রিল) ওই সময়ে সরকারি কিছু নীতির প্রতিবাদে বিক্ষোভ করছিল এক দল জনতা। তারা মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে টমেটো এবং আলু ছুড়ে মারেন বলে অভিযোগ। যদিও ওই ঘটনায় পাকিস্তানি মন্ত্রী অক্ষতই রয়েছেন।
বস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভায় অন্যতম সংখ্যালঘু মুখ কোহিস্তানি। সিন্ধু প্রদেশে সেচের জন্য পাকিস্তান সরকারের বেশ কিছু খাল কাটার প্রকল্প ঘিরে বিতর্ক উঠেছে। সেচের জন্য ওই খালগুলো কাটা হলে প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ নদীর নিম্ন অববাহিকায় পানি প্রবাহ কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ওই সরকারি প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে সিন্ধু প্রদেশে।
গত শনিবারও এমন একটি বিক্ষোভের মুখে পড়েন কোহিস্তানি। মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ এবং তার গাড়ি লক্ষ্য করে আলু, টমেটো ছুড়ে মারার ঘটনাকে ‘হামলা’ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার। ঘটনার নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজও। কীভাবে এই ঘটনা ঘটল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন শাহবাজ় শরীফ। সূত্র: আনন্দবাজার পত্রিকা