জম্মু-কাশ্মীর সীমান্তে বরাবর বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
শুক্রবার ( ২৫ এপ্রিল ) সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে প্রতিহত’ করেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তান সেনাদের পক্ষ থেকে প্রথমে প্ররোচনামূলক গুলিবর্ষণ করা হয়। জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন জম্মু ও কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) পাহালগামে হামলায় এক নেপালি নাগরিকসহ ২৮ জন নিহত এবং অনেকে আহত হন। প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়।
এসব পদক্ষেপের মধ্যে রয়েছে- ভারত-পাকিস্তানের প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া, দুই দেশের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করা, পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ভারতে অবস্থারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও দুই দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
ভারত স্পষ্টভাবে দাবি করছে, পাকিস্তান ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সহায়তা’ করেছে। পক্ষান্তরে পাকিস্তান তা অস্বীকার করে ভারতের এসব সিদ্ধান্তকে ‘তড়িঘড়ি’ ও ‘কোনো প্রমাণ ছাড়াই’ দোষারোপ করার মাধ্যমে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে।
ভারত গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ দুই দেশের মধ্যে সমস্ত চুক্তি স্থগিত করার হুমকি দেওয়া হয়েছে। সিমলা চুক্তি জম্মু-কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখাকে (এলওসি)স্বীকৃতি দেয়। সূত্র: এনডিটিভি এবং আল-জাজিরা
দিনা