ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
সোমবার (৫ মে) পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন।
এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ল।
এদিকে পাহালগাম নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন।
ইরানও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল এ নিয়ে আলোচনা করতে ইসলামবাদ পৌঁছেছেন। সেখান থেকে দেশে ফিরে তার নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে।
খবরে বলা হয়, পাকিস্তান গতকাল সোমবার সফলভাবে ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। উৎক্ষেপণটি চলমান সামরিক মহড়া ‘এক্স ইন্ডাস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করা।
ডন জানায়, ফাতাহ সিরিজের এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের কৌশলগত অস্ত্রভান্ডারের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শত্রুর প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
মালয়েশিয়া সফর বাতিল শাহবাজের
ইসলামাবাদ ও নয়াদিল্লির চলমান তীব্র উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম জানান, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায় পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সে সম্পর্কে আমার পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছি এবং পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে বলে মালয়েশিয়া আশা করছে।
আগামী ৯ মে মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের।
সমাধানে সহায়তার প্রস্তাব রাশিয়ার
কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। গত রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
আলোচনার পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল পাহালগাম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার রাজনৈতিক সমাধানে ভারত ও পাকিস্তান যদি আগ্রহী হয়, তাহলে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনার দুই দিন পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন লাভরভ।
নিয়ন্ত্রণরেখায় আবার গোলাগুলি
কাশ্মীরে দুই দেশের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর আবারও গোলাগুলির খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতেও দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
পাকিস্তানের নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্র বলেছে, দেশটির বিভিন্ন সেনাচৌকি লক্ষ্য করে বিনা উসকানিতে গুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। নিয়ন্ত্রণরেখার পার্নিকিয়াল, খই রাট্টা, শারদা, খেল, নিলম ও হাজি পীর সেক্টরে ভারতীয় সেনারা কোনো রকম উসকানি ছাড়াই গুলি চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দিয়েছে।
ভারত অভিযোগ করেছে, নিয়ন্ত্রণরেখার কুপওয়ারা, বারমুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দারবনি এবং অখনুর এলাকার বিপরীত পাশে পাকিস্তানি সেনাচৌকি থেকে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী জানায়, তারা সঙ্গে সঙ্গেই ওই গুলির জবাব দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে
ভারত ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে মধ্যস্থতা করতে চাইছে ইরান। এ জন্য ভারত সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ভারত সফরের আগে তিনি গতকাল সোমবার পাকিস্তান সফরে গেছেন।
ভারত ও পাকিস্তানের সঙ্গেই ইরানের সম্পর্ক নিবিড় বলে জানিয়েছেন আব্বাস আরাগচি। বিমানবন্দর থেকে তিনি বলেন, ‘আমরা ভারত-পাকিস্তানের মধ্যেকার উত্তেজনার প্রশমন চাই। পাকিস্তানে আমার বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।
সেখানকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। আঞ্চলিক সমস্যা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনা হবে।’ খবরে বলা হয়েছে, পাকিস্তান থেকে বৈঠক সেরে আবার ইরানে ফিরে যাবেন আব্বাস আরাগচি। সেখান থেকে ৭ ও ৮ মে তার ভারত সফরের কথা রয়েছে।
পাকিস্তানের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে উত্তেজনা: মুডিস
বৈশ্বিক রেটিং এজেন্সি মুডিস বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে। বিষয়টি সরকারের চলমান রাজস্ব আহরণকে ব্যাহত করবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনেও ব্যাঘাত ঘটবে।
মুডিস বলছে, পাহালগাম নিয়ে উত্তেজনায় পাকিস্তানে বিনিয়োগের বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হবে। অন্যদিকে উত্তেজনার মধ্যেও ভারতের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে মনে করছে মুডিস।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পার্বত্য অঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনার পর থেকে প্রতিবেশী দুই পারমাণবিক অস্ত্রধর দেশের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। খবর রয়টার্স/ জিও নিউজ/ দ্য হিন্দু/ দ্য ডন