পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯২ জন। গত শনিবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রবল ঝড়ের কারণে লাহোর বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা সাময়িক বন্ধ রাখা হয় এবং আকাশ থেকে অনেক ফ্লাইট ফিরিয়ে দেওয়া হয়। ঝড়ের কবলে পড়ে দেশটির বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঞ্জাবের বিভিন্ন এলাকায় দুর্বল ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়ায় অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ো বাতাসে একটি কারখানার ছাদ ভেঙে পড়ায় এক শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। এ ছাড়া বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত শুক্রবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং রাজধানী ইসলামাবাদে ভয়াবহ ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে একটি আবহাওয়া সতর্কতা জারি করে। শনিবার সন্ধ্যার দিকে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির ঘটনা ঘটে। সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন