ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ন্যাটোর বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি রোধে ন্যাটো জোটের প্রতিরক্ষা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে তার বিবৃতির সময়, মার্ক রুট আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটো জোটে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে একটি কঠোর সতর্কীকরণ জারি করেন।
রাশিয়ার যুদ্ধ প্রস্তুতি নাটোর চেয়ে বহুগুণ দ্রুত উল্লেখ করে মার্ক রুটে সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া মাত্র তিন মাসে ১ হাজার ৫০০ ট্যাংক, ৩ হাজার সামরিক যান ও ২০০ ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তৈরি করছে-যা নাটোর করতে এক বছর লাগে।
তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, এভাবে চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে রাশিয়া সরাসরি নাটোকে আক্রমণ করতে পারে। এ বিষয়ে নিজেদের মধ্যে ঠাট্টা না করার পরামর্শ দেন তিনি এবং ন্যাটো যে রাশিয়ার সীমান্তে অবস্থিত তা স্মরণ করিয়ে দেন তিনি।
রুটে আরও বলেন, হাইপারসনিক অস্ত্র ইউরোপকে রাশিয়ার কাছে ‘মিনিটের দূরত্বে’ নিয়ে এসেছে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। পাশাপাশি উত্তর কোরিয়া ও চীনের সহযোগিতায় রাশিয়া দ্রুততার সঙ্গে যে পরিমাণ অস্ত্র উৎপাদন করতে পারে তা পশ্চিমারা ধারণা করতে পারত না বলে জানান তিনি।
জুন মাসের শেষের দিকে ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক আলোচনা সভায় লন্ডনের চ্যাথাম হাউসে ইউরোপীয় নেতারা একত্রিত হন। সেখানে ন্যাটো প্রধান জোর দিয়েছেন যেন জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা চারগুণ বৃদ্ধি করা হয় এবং সদস্য রাষ্ট্র নেতাদের হেগে আসন্ন শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% এ উন্নীত করার জন্য একমত হওয়ার আহ্বান জানান।
বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ন্যাটো জোটকে আরও ব্যয় বৃদ্ধি করার আহ্বান করা হয়। পাশাপাশি ইউরোপীয় সামরিক শিল্পকে দ্রুত গণ-উৎপাদনের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। জোটের জন্য জিডিপির ৫ শতাংশ ব্যয়ের মধ্যে ৩.৫ শতাংশ অস্ত্র ও গোলাবারুদ, প্রশিক্ষণ ও অন্যান্য প্ল্যাটফর্ম তৈরীতে নির্ধারণ করার কথা বলা হয়। বাকি ১.৫ শতাংশ জোটের সামরিক শিল্পের অবকাঠামো ও শিল্পকে প্রস্তুত করার জন্য বরাদ্দের কথা বলা হয়।
মাহফুজ/