ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই দেশটিতে হামলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের দূত ইয়েশিয়েল লেইটার। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে বলেও আশা করছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার বলেন,‘আমরা ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের মধ্যে আছি। তবে আমাদের যুদ্ধ ইরানের শাসকগোষ্ঠীর সঙ্গে, ইরানের মানুষের সঙ্গে নয়। আমাদের লক্ষ্য একটাই— ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা।’
ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ব্যাপার ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে সিএনএনকে ইয়েশিয়েল লেইটার বলেন, ‘আমাদের হিসেব বলছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আমরা ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারব। মধ্যপ্রাচ্য ও বিশ্ববাসীর মঙ্গলের জন্য এটা আমাদের করতে হবে।’
তিনি আরও বলেন, শুক্রবার ( ১৩ জুন) ভোরে ইসরায়েলের বিমান অভিযানের পর শনিবার (১৪ জুন) মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে তিন দফায় শত শত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
লেইটার বলেন, ‘শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে তিন দফায় ১৫০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আমরা যতদূর জানি, ইরানের সংগ্রহে ২ হাজারের বেশি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই যুদ্ধে দেশটির সেনাবাহিনী সেগুলো একে একে ব্যবহার করবে । তবে ইসরায়েল সেই হামলা মোকাবিলার জন্য প্রস্তুত।’
গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী। এই হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন।
নিহতদের মধ্যে আছেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ, আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ এবং কমপক্ষে ছয়জন ইরানি পারমাণবিক বিজ্ঞানী ।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় ইরানের অন্তত ১০০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’।
এরপর, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ সেনা অভিযান শুরু করে। এতে ইসরায়েলে দুইজন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সুলতানা দিনা/