ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার জবাবে কাতারের দোহা ও ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ করে মিসাইল হামলা করেছে ইরান। কাতারের দোহাতে মিসাইল বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। ইরানের মিসাইল হামলা ঠেকাতে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় দেখা গেছে এবং মিসাইল ঠেকানোর ফুটেজও প্রকাশ পেয়েছে।
ইরানের তাসনিম বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে, তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটির ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের এ অভিযানটির নাম রাখা হয়েছে ‘বিজয়ের সুসংবাদ’ বলে জানানো হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিগুলো যেমন, মধ্যে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে এখনও সাইরেন বাজছে। উত্তেজনার প্রেক্ষিতে বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তা দেশটির বসতিপূর্ণ এলাকা থেকে দূরে ছিল।
বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ কাতার, একটি বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশের, এবং এর মহৎ জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে আইআরজিসির হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
এক বিবৃতিতে তিনি বলেন, কাতার রাষ্ট্র হিসেবে এই স্পষ্ট আগ্রাসনের জবাব আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সরাসরি দেওয়ার অধিকার সংরক্ষণ করছে।
তিনি আরও জানান, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সফল হয়েছে এবং হামলাটি ব্যর্থ করা হয়েছে। সূত্র: আল জাজিরা