পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৩ পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার (২৮ জুন) উত্তর ওয়াজিরিস্তানের মীর আলীর খাদি মার্কেটে এ হামলা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ‘খাইবার ক্রনিকলস’ নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়েছে, এ হামলায় ১৩ জন নিহত হন এবং অন্তত ২৪ জন আহত হন, যাদের মধ্যে ১৪ জনই বেসামরিক নাগরিক।
উত্তর ওয়াজিরিস্তানের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি একটি সামরিক বহরের ওপর তুলে দেয়।
এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের কারণে আশেপাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং সেখানে ছয় শিশু আহত হয়।
গত কয়েক মাসে খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর ওপর সংঘটিত এটি অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তান তালেবান বা টিটিপির একটি শাখা হাফিজ গুল বাহাদুর গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, তালেবান সরকার তাদের ভূখণ্ড পাকিস্তানবিরোধী হামলার জন্য ব্যবহার করতে দিচ্ছে - যদিও তালেবান প্রশাসন তা অস্বীকার করেছে।
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। সূত্র: আল জাজিরা
মাহফুজ/