রাশিয়া পৃথিবীর প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান শাসিত আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দিয়েছে। এর আগে মস্কো তালেবানকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়া এই স্বীকৃত দেয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র গ্রহণ করেছে। আফগান সরকারকে এই আনুষ্ঠানিক স্বীকৃতি রাশিয়ার সঙ্গে দেশটির ফলপ্রসূ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করবে।
অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রণালয় তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি এই সিদ্ধান্তকে ‘অন্যান্য দেশের জন্য একটি ভালো উদাহরণ’ হিসেবে স্বাগত জানিয়েছেন।
এখন পর্যন্ত কোনো দেশ তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও, গোষ্ঠীটি অনেক দেশের সঙ্গে উচ্চ-পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছে। তালেবান সরকার চীন ও সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।
তবে তালেবান সরকার এখনও বিশ্ব মঞ্চে একরকম একঘরে হয়ে আছে। এর প্রধান কারণ হলো নারীদের ওপর তাদের কঠোর নিষেধাজ্ঞা।
রাশিয়ার কর্মকর্তারা সম্প্রতি আফগানিস্তানকে স্থিতিশীল করতে তালেবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তারা বিগত এপ্রিল মাসে তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান টেলিভিশনে বলেন, ‘তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পরামর্শে নিয়েছেন।’
ঝিরনোভ আরও বলেন, ‘এই সিদ্ধান্ত আফগানিস্তানের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক গড়ে তোলার জন্য রাশিয়ার আন্তরিক আকাঙ্ক্ষা প্রমাণ করে।’ সূত্র: এপি
সুমন/