গাজায় চলমান যুদ্ধের অবসান চেয়ে যৌথ বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জাপানসহ ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে স্বাক্ষর করেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনারও।
বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ ‘নতুন এক নিষ্ঠুর মাত্রায় পৌঁছেছে’, যেখানে ত্রাণ বিতরণ ব্যবস্থাও হয়ে উঠেছে ‘ঝুঁকিপূর্ণ’—যা গাজাবাসীদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ত্রাণ সহায়তা ‘‘ফোঁটা ফোঁটা করে’’ পৌঁছানো এবং খাদ্য ও পানির মতো মৌলিক প্রয়োজন মেটাতে যাওয়া শিশু-বেসামরিকদের নিষ্ঠুর হত্যাকাণ্ড আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
‘ইসরায়েলি সরকারের পক্ষ থেকে গাজায় সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য’- বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেই সঙ্গে ইসরায়েল সরকারকে ত্রাণবাহী ট্রাক প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জনসংখ্যাগত পরিবর্তনের যেকোনো পরিকল্পনার ‘ঘোরতর বিরোধিতা’ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সব পক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি-এই ভয়াবহ সংঘাত অবসানে অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতিতে একসঙ্গে কাজ করতে হবে। আরও রক্তপাতের কোনো যৌক্তিকতা নেই।’ সূত্র: আল জাজিরা