উত্তর ভারতের হরিদ্বারে অবস্থিত মানসা দেবী মন্দিরে পদদলনের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, রবিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে মন্দিরে প্রবেশের সিঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা প্রমেন্দ্র সিং ডোয়াল জানান, 'ঘটনাস্থলে পৌঁছে ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে সাতজন মারা গেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকাল ৯টার দিকে কোনো এক ব্যক্তি চিৎকার করে বলে দেন যে পথে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। এ খবরে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সংকীর্ণ পথে হুড়োহুড়ি শুরু হয়।
স্থানীয় পুরোহিত উজ্জ্বল পণ্ডিত বলেন, 'এই পথটি শুধুমাত্র পায়ে চলাচলের জন্য। হঠাৎ গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় এবং সামনে থাকা একটি দেওয়ালও পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।'
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রতি বছর জুলাই-আগস্ট মাসে হাজার হাজার ভক্ত মানসা দেবী মন্দিরে 'পুণ্য লাভের' আশায় ভিড় করেন। এ বছর সেই ভিড় ছিল আরও বেশি।
জেলাশাসক ময়ূর দীক্ষিত জানান, 'সকাল ৯টার দিকে আমরা খবর পাই যে পদদলনের ঘটনা ঘটেছে মন্দিরের পথে।'
উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ বলেন, 'মানসা দেবী মন্দিরের পথে পদদলনের ঘটনায় গভীরভাবে মর্মাহত। উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকি করা হচ্ছে।'
এর আগে পুরীতে এবং প্রয়াগরাজে কুম্ভমেলায় ও দিল্লির রেলস্টেশনেও অনুরূপ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল।
মেহেদী/