প্রায় ১৩ হাজার ফুট বা প্রায় ৩ দশমিক ৮ কিলোমিটার দূর থেকে রুশ সেনার মাথার খুলি উড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ইউক্রেনের এক স্নাইপার। দক্ষতার পাশাপাশি এই অসম্ভব কাজ সম্ভব করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন গাইডেন্সের যৌথ কৌশল।
আজারবাইজানের সংবাদ সংস্থা নিউজ৩৬৫.এজেড একটি প্রতিবেদনে জানায়, প্রায় ৩.৮ কিমি রেকর্ড দূরত্ব থেকে ইউক্রেনীয় স্নাইপার ভিয়াচেস্লাভ কোভালস্কি গুলি করে একজন রাশিয়ান সৈন্যের মাথার খুলি উড়িয়ে দেন।
বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক ব্যবসায়ী ভিয়াচেস্লাভ কোভালস্কি সবচেয়ে দীর্ঘ স্নাইপার রাইফেল শট রেকর্ডের মালিক। জানা গেছে, ইউক্রেনের ১৪.৫ এমএম-এর অ্যালিগেটর রাইফেলের সাহায্যে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে।
কিয়েভ পোস্টের রিপোর্ট অনুযায়ী, এই শটটি চালানো হয় বৃহস্পতিবার (১৪ আগস্ট)। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ড্রোন গাইডেন্সের মাধ্যমে এত দুরবর্তী লক্ষ্যে নির্ভুল আঘাত হানে এই ইউক্রেন সেনার অত্যাধুনিক এই রাইফেল। গুলিটি চালানো হয়েছিল ইউক্রেনের পকরোভস্ক থেকে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৪.৫ এমএম-এর অ্যালিগেটর রাইফেল মূলত এক ম্যাগাজিনের। যার ‘মজল ভেলোসিটি’ ৩২১৫ থেকে ৩২৮১ ফুট প্রতি সেকেন্ড। এই বন্দুকের নির্মাতা খারকিভে অবস্থিত XADO-Holding নামের এক সংস্থা।
২০২১ সালে সংস্থাটি জানায়, তাদের এই রাইফেলের রেঞ্জ ১.২ মাইল বা ১.৯৩ কিলোমিটার। তবে প্রায় ২৫ কেজি ওজনের এই রাইফেলটিকে গত কয়েক বছর ধরে আরও অত্যাধুনিক করে তোলা হয়েছে।
এদিকে, রেকর্ড তালিকা বলছে, এতদিন সবচেয়ে দূর থেকে স্নাইপারের গুলিতে মৃত্যুর রেকর্ড ছিল এক কানাডিয়ান সেনার ঝুলিতে। ২০১৭ সালে ইরাক যুদ্ধে ৩৫৪০ মিটার দূর থেকে এক আইএসআইএস জঙ্গিকে হত্যা করেছিলেণ এই স্নাইপার।
এরপর, ২০২৩ সালে সেই রেকর্ড ভেঙে রাশিয়ার বিরুদ্ধে নতুন রেকর্ড গড়েন আরেক ইউক্রেনীয় স্নাইপার। সেবার ১২,৪০০ ফুট বা ৩৮০০ মিটার দূর থেকে তিনি গুলি করে হত্যা করেন এক রাশিয়ান সেনাকে।
এবার নিজেদের গড়া সেই রেকর্ডও ভেঙে দিলেন ভিয়াচেস্লাভ কোভালস্কি।
সুলতানা দিনা/