রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউনিয়নের নির্বাহী কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন এ ঘোষণা দিয়েছেন। বিবিসির খবর।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনে রাশিয়া ও এর মিত্র বেলারুশের সীমান্তবর্তী সাতটি ইইউ সদস্য রাষ্ট্র সফর করবেন উরসুলা ভন ডের লিয়েন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তিনি শুক্রবার (২৯ আগস্ট) লাটভিয়া ও ফিনল্যান্ডে যাবেন, তারপর এস্তোনিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, লিথুনিয়া ও রোমানিয়া সফর করবেন।
শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যে কিয়েভে রাশিয়ার এমন বড় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উরসুলা ভন ডের লিয়েন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের মিশনের খুব কাছাকাছি আঘাত হানে রাশিয়ার ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র। মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে ইইউ মিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে আঘাত হানে দুটি ক্ষেপণাস্ত্র।’
ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যমতে, ওই দিনের হামলায় রাশিয়া প্রায় ছয় শ ড্রোন এবং ৩০টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যা চলতি মাসে দেশটির রাজধানীতে চালানো সবচেয়ে বড় হামলা।
এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ-পূর্ব কিয়েভের দারনিতস্কি জেলার একটি পাঁচতলা ভবনে সরাসরি আঘাত হানে, ফলে পুরো ভবনটি ধসে পড়ে।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন, যাদের মধ্যে রয়েছে চার শিশুও।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের মিশন ছিল ওই একই ভবনে ব্রিটিশ কাউন্সিলেরও কার্যালয় ছিল এমন একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই হামলার আগে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল।
এদিকে, হামলার পর তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করে বলেন, তিনি ‘শান্তির আশা নস্যাৎ করছেন।’
সুলতানা দিনা/