মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এলাকায় অনলাইন জুয়ার আড্ডায় বিশেষ অভিযান চালিয়ে ৭৭০ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জালান বেদারায় ‘অপ বেলাঞ্জা’ নামে এ অভিযান চালানো হয়। হঠাৎ অভিযানে কেউ ভবনের ছাদ বেয়ে পালাতে, কেউ টেবিলের নিচে কিংবা দোকানের ভেতরে লুকাতে চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সবাইকেই গ্রেপ্তার করা হয়।
ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওসমান জানান, রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযানে মোট ২ হাজার ৪৪৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি, বাকিরা স্থানীয়।
পরীক্ষার পর দেখা যায়, ৭৭০ জন বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই অবস্থান করছিলেন।
আটকদের মধ্যে রয়েছেন—৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মায়ানমারের নাগরিক, ৭২ জন নেপালি, ৫৮ জন ভারতীয় ও ১৭ জন ইন্দোনেশীয়। এ ছাড়া আরও কয়েকটি দেশের নারী-পুরুষও রয়েছেন।
অভিযান চলাকালে একটি অনলাইন জুয়ার আড্ডা থেকে সাতজনকে হাতেনাতে ধরা হয়। সেখানে সিসিটিভি মনিটরিং সিস্টেম বসানো ছিল বলেও জানায় কর্তৃপক্ষ।
আটকদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পুত্রজায়া ইমিগ্রেশন দপ্তরে নেওয়া হয় এবং পরবর্তীতে বুকিত জলিল ও লেংগেং আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসরি ওসমান জানান, তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন, পাসপোর্ট আইন এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করা হবে। একইসঙ্গে তিনি জনগণ ও নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: মালয় মেইল
মেহেদী/