হলিউডে ডেভিড অ্যান্থনি বার্ক নামের (যিনি পেশাদারভাবে D4vd নামে পরিচিত) একজন গায়কের টেসলা গাড়ি থেকে উদ্ধার হওয়া ছিন্নভিন্ন পচা মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের একটি রাস্তা থেকে টেনে তোলার দুই দিন পর, গত ৮ সেপ্টেম্বর টেসলার ট্রাঙ্ক থেকে যে পচা ছিন্নভিন্ন নারীর মরদেহ আবিষ্কৃত হয়েছে সেটি রিভারসাইড কাউন্টির লেক এলসিনোরের বাসিন্দা ১৫ বছর বয়সী সেলেস্তে রিভাসের। ওই কিশোরী গত বছর নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি বলে তদন্তকারীরা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে, রিভাসের মা জানিয়েছেন, ডি৪ভিডি তার মেয়ের সঙ্গে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।
পুলিশ জানায়, গাড়িটি ২০ বছর বয়সী ডেভিড অ্যান্থনি বার্কের নামে নিবন্ধিত, যিনি পেশাদারভাবে D4vd নামে পরিচিত। এটি সঙ্গীতশিল্পীর মালিকানাধীন বেশ কয়েকটি গাড়ির মধ্যে একটি।
অভিযোগ উঠেছে, ডি৪ভিডি সম্প্রতি "সেলেস্তে" শিরোনামে একটি গান রেকর্ড করেছে যেখানে সেলেস্তে নামের একজনের কথা বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষক গায়কের গাড়িতে পাওয়া মৃতদেহটি ১৫ বছর বয়সী সেলেস্তে রিভাসের বলে শনাক্ত করার কয়েক ঘন্টা পরই গানটির ডেমো ট্র্যাক বুধবার (১৭ সেপ্টেম্বর) অনলাইনে প্রকাশিত হয়েছে। তবে এটি এখনো স্পষ্ট নয় যে, বিষয়টি কাকতালীয় নাকি এই ঘটনার সঙ্গে কোনো সংযোগ আছে।
গানটির কথায় "সেলেস্তে" গানের কথায় "আমার ভালোবাসা হও/আমি তোমাকে আত্মহত্যা করতে দেখতে চাই/ এই ধরণের চিন্তাভাবনা আমার মনে ঘুরপাক খায়, কারণ শুধু এই কারণেই।" এমন কিছু লাইন রয়েছে।
এছাড়া, প্রকাশিত ট্র্যাকের অন্যান্য গানের কথার মধ্যে রয়েছে, "ওহ, সেলেস্তে/আমার নামের ট্যাটু করা মেয়েটি যার বুকে/আমার পোশাকে সিগারেটের মতো তার গন্ধ পাও/প্রতিবার যখন আমি নিঃশ্বাস নিই তখন তার কণ্ঠস্বর শুনি/আমি আচ্ছন্ন।"
গত বুধবার রাতে সিয়াটলের শোবক্স সোডোতে ডি৪ভিডি তার উইথার্ড ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে একটি কনসার্ট পরিবেশনের কথা ছিল। কিন্তু এলএ কর্তৃপক্ষ রিভাসের মরদেহ শনাক্ত করার কয়েক ঘন্টা পরই অনুষ্ঠানটি বাতিল করা হয়।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বর্তমানে এটিকে হত্যাকাণ্ড ধরে নিয়েই তদন্ত শুরু করেছে। গত ৮ সেপ্টেম্বর গাড়িটি হলিউড পাহাড়ের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। দুর্গন্ধ ছড়ালে এর ভেতর থেকে একটি পচা ছিন্নভিন্ন মরদেহ খুঁজে পাওয়া যায়। পরে তা জব্দ করা হয়। ভুক্তভোগীড় মৃত্যুর কারণ এখনও নির্ধারণ করা হচ্ছে। এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তার করা হয়নি।
প্রসঙ্গত, গায়ক ডি৪ভিডি (D4vd) প্রথম TikTok-এ ভাইরাল হয়েছিলেন, যেখানে তার ৩.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে। গত এপ্রিল মাসে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন।
ইন্ডি, আর অ্যান্ড বি এবং অল্ট-পপ সাউন্ডের জন্য পরিচিত এই গায়ক, তার "উইথার্ড" বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে পারফর্ম করার কথা ছিল। তবে গত বুধবার সিয়াটলে সফরের স্টপ বাতিল করা হয়েছে।
সুলতানা দিনা/