ন্যাটো আকাশসীমায় অনুপ্রবেশকারী রুশ যুদ্ধবিমান গুলি করে নামানোর বিকল্পকে উড়িয়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে ভন ডার লেয়েন বলেন, ‘আমাদের প্রতিটি বর্গসেন্টিমিটার ভূখণ্ড রক্ষা করতে হবে। সতর্কবার্তার পরও যদি কেউ আকাশসীমায় প্রবেশ করে, সেই অনুপ্রবেশকারী যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দেওয়ার অপশন অবশ্যই বিবেচ্য।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড ও এস্তোনিয়া রাশিয়ার বিরুদ্ধে একাধিক অনুপ্রবেশের অভিযোগ তুলেছে, যদিও মস্কো তা অস্বীকার করেছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানান, এ ধরনের ঘটনার প্রতিক্রিয়া পরিস্থিতি ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বাস্তব সময়ে নেওয়া হয়।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জাতিসংঘে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আকাশসীমা লঙ্ঘন হলে জবাব শক্ত হাতে দেওয়া হবে।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও একই বার্তা দিয়ে বলেন, ন্যাটো আকাশসীমা রক্ষায় প্রয়োজনে সব পদক্ষেপ নেবে যুক্তরাজ্য।
রাশিয়া এসব অভিযোগকে ‘রুশবিরোধী উন্মাদনা’ আখ্যা দিয়ে অস্বীকার করেছে।
মস্কোর দাবি, পোল্যান্ডে যে ক্ষতি হয়েছে, তা ন্যাটোর একটি এফ-১৬ যুদ্ধবিমানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণেই ঘটেছে। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও রাশিয়া প্রত্যাখ্যান করেছে। সূত্র: আরটি
অমিয়/