থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারীর গুলিতে ওয়েস্ট ভার্জিনিয়ার দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন। এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমননীতিকে আরও উসকে দিয়েছে এবং অভিবাসীদের ওপর আরও চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে রহমানুল্লাহ লাকানওয়াল হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তিনি একজন আফগান নাগরিক, যিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাইডেন প্রশাসনের একটি কর্মসূচির অধীনে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
ওই কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ব্যক্তিরা মূলত আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছিলেন। তালেবান ক্ষমতায় আসার পর জীবন রক্ষার্থে তাদেরকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হয়।
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এই হামলাকে ‘‘পরিকল্পিত’’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে গুলিবর্ষণের পেছনের উদ্দেশ্য এখনও অজানা।
ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাবে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই গুলিবর্ষণকে ‘‘সন্ত্রাসী কর্মকাণ্ড’’ বলে অভিহিত করেছেন। তিনি জো বাইডেনের আমলে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসা প্রতিটি ব্যক্তির তথ্য পুনরায় যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তার পূর্বসূরির আমলে দেশে প্রবেশ করা ‘‘লাখ লাখ অপরিচিত ও যাচাই-বাছাইহীন বিদেশি’’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
গুলিবর্ষণ, সন্দেহভাজন ব্যক্তি এবং পরবর্তী পদক্ষেপ
সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন, বলছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম স্থানীয় সময় বুধবার রাতে জানিয়েছেন, ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ (Operation Allies Welcome) নামক একটি কর্মসূচির আওতায় লাকানওয়াল ২০২১ সালের ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এবং তালেবান পুনরায় দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রেক্ষাপটে ঝুঁকিতে থাকা আফগানদের সুরক্ষার জন্য বাইডেন ২০২১ সালের আগস্টে এই কর্মসূচি চালু করেছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, ‘অপারেশন অ্যালাইজ ওয়েলকাম’ এবং এর পরবর্তী কর্মসূচি ‘এন্ডুরিং ওয়েলকাম’-এর অধীনে ১ লাখ ৯০ হাজারেরও বেশি আফগান যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মতে, অপারেশন অ্যালাইজ ওয়েলকাম এর অধীনে আসা অধিকাংশ আফগানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দুই বছর থাকার অনুমতি দেওয়া হয়েছিল, তবে তাদের কোনো স্থায়ী অভিবাসন মর্যাদা ছিল না। এই কর্মসূচির আওতায় আসা অভিবাসীদের মধ্যে ৪০%-এরও বেশি ‘স্পেশাল ইমিগ্রান্ট ভিসা’ (SIV)-এর যোগ্য ছিলেন, কারণ তারা যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য বড় ঝুঁকি নিয়েছিলেন অথবা এমন কারও আত্মীয় ছিলেন যারা তা করেছিলেন।
একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তা মার্কিন গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, লাকানওয়াল ২০২৪ সালে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন এবং পরের বছর ট্রাম্প প্রশাসনের অধীনে তা মঞ্জুর করা হয়। তৎকালীন সময়ে ট্রাম্প এবং তার মিত্রদের দাবি সত্ত্বেও, অপারেশন অ্যালাইজ ওয়েলকাম এর অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগানদের ব্যাপক যাচাই-বাছাই করা হয়েছিল।
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যরা গুলিবিদ্ধ
বুধবার দুপুর ২:১৫ মিনিটের দিকে ফ্যারাগাট স্কোয়ারে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এলাকাটি পর্যটকদের আনাগোনা, ব্যস্ত ট্রানজিট সেন্টার এবং হোয়াইট হাউসের কাছাকাছি অবস্থিত।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিফ জেফরি ক্যারল হামলার পর এক সংবাদ সম্মেলনে জানান, ওই দুই গার্ড সদস্য যখন ‘‘হাই ভিজিবিলিটি টহল’’ দিচ্ছিলেন, তখন সন্দেহভাজন ব্যক্তি তাদের কাছে এসে বন্দুক তুলে গুলি চালাতে শুরু করেন।
ক্যারল জানান, কিছুক্ষণ ধস্তাধস্তির পর গার্ড সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিকে কাবু করতে সক্ষম হন এবং তাকে হেফাজতে নেন। ডিসি ফায়ার এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এগিয়ে আসে। সন্দেহভাজন ব্যক্তি এবং গার্ড সদস্যদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার জানান, এই গুলিবর্ষণের ঘটনার পর ট্রাম্প দেশের রাজধানীতে আরও ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
ন্যাশনাল গার্ডের প্রাথমিক মোতায়েন বৈধ ছিল কি না, তা নিয়ে চলমান আইনি লড়াইয়ের মধ্যেই এই নির্দেশ এলো। বুধবার, ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল গার্ড সরিয়ে নেওয়ার বিষয়ে গত সপ্তাহে দেওয়া একজন ফেডারেল বিচারকের আদেশের ওপর জরুরি স্থগিতাদেশ চেয়ে ফেডারেল আপিল আদালতে আবেদন করেছে।
অভিবাসন-বিরোধী বক্তব্য জোরদার করলেন ট্রাম্প
ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাব থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প অভিযুক্ত শুটারকে যুক্তরাষ্ট্রে আনার জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেন এবং যুক্তি দেন যে, এই হামলা ‘‘আমাদের জাতির সামনে বিদ্যমান সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা হুমকিকে তুলে ধরেছে।’’
ট্রাম্প তার পূর্বসূরির আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা তথাকথিত ‘‘২ কোটি অপরিচিত ও যাচাই-বাছাইহীন বিদেশি’’র বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একে ‘‘আমাদের অস্তিত্বের জন্য ঝুঁকি’’ হিসেবে আখ্যায়িত করেন।
ট্রাম্প সন্দেহভাজন ব্যক্তিকে ‘‘আফগানিস্তান—পৃথিবীর এক নরককুণ্ড—থেকে আমাদের দেশে প্রবেশ করা একজন বিদেশি’’ হিসেবে বর্ণনা করেন।
একই বক্তব্যে তিনি মিনেসোটায় বসবাসরত সোমালি অভিবাসীদেরও লক্ষ্যবস্তু করেন। তিনি দাবি করেন, তারা ‘‘আমাদের দেশকে শোষণ করছে এবং একসময়ের মহান ওই অঙ্গরাজ্যটিকে ধ্বংস করে দিচ্ছে।’’
সোমালিয়া সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, দেশটির কোনো আইন নেই, পানি নেই, সেনাবাহিনী নেই, কিছুই নেই।
ট্রাম্প প্রতিজ্ঞা করেন যে, বাইডেনের অধীনে আমাদের দেশে প্রবেশ করা প্রতিটি বিদেশিকে পুনরায় পরীক্ষা করা হবে।
ট্রাম্পের ভাষণের কিছুক্ষণ পরেই, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ঘোষণা করে যে, নিরাপত্তা ও যাচাইকরণ প্রোটোকল পর্যালোচনার অপেক্ষায় তারা আফগান অভিবাসীদের সংক্রান্ত অভিবাসন মামলার কার্যক্রম বন্ধ রেখেছে।
সংস্থাটি এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, আমাদের মাতৃভূমি এবং আমেরিকান জনগণের সুরক্ষা ও নিরাপত্তাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সূত্র: সিএনএন
মাহফুজ/