চীন সম্প্রতি ভারত-চীন সীমান্তে একটি অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, একটি মনুষ্যরূপী যন্ত্রমানব দুর্গম পাহাড়ি অঞ্চলে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এটির কথাবার্তা বলার মতো সক্ষমতা রয়েছে।
ধারণা করা হচ্ছে, সীমান্তে ভারতীয় সেনার গতিবিধি পর্যবেক্ষণের জন্য বেইজিং এই রোবট ব্যবহার করছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করেন জুনশিগুয়ানচা নামের এক ব্যক্তি।
তিনি দাবি করেন, এলএসিতে (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) নজরদারি ডিভাইসের মাধ্যমে চীন ভারতের বাহিনীর ওপর গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।
মাত্র ৩৩ সেকেন্ডের ভিডিওটিতে সাদা পোশাক পরিহিত রোবটকে দেখা যায়। তবে ভিডিওটি এলএসির কোন স্থানে এবং কখন তোলা হয়েছে তা জানা যায়নি।
এদিকে, নেটিজেনরা এই ভিডিওকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন। কেউ কেউ মনে করছেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মীত ভিডিও বা এআই প্রযুক্তির ফল।
আবার কেউ কেউ বলছেন, অরুণাচল প্রদেশ বা লাদাখে টহল চলাকালে ভারতীয় সৈনিকদের নজরেও এসেছে এই রোবট। তবে অধিকাংশ ব্যবহারকারী এটিকে এআই নির্ভর কৃত্রিম ভিডিও হিসেবে উল্লেখ করেছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নভেম্বরের শেষ সপ্তাহে সাংহাইয়ের সংস্থা ‘অ্যাজিবট’ সফলভাবে এই মনুষ্যরূপী রোবট পরীক্ষা চালায়। ‘অ্যাজিবট এ২’ নামের রোবটটি ১০৬ কিলোমিটার বিরামহীনভাবে চলতে সক্ষম।
এগুলোর উচ্চতা ১.৭৫ মিটার এবং ওজন ৫৫ কিলোগ্রাম। এতে রয়েছে জিপিএস এবং ইনফ্রারেড ডেপথ ক্যামেরা। এছাড়া মোবাইল ফোন ও লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে ১০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে সক্ষম।
চীনা পিপল্স লিবারেশন আর্মি সম্প্রতি রোবট-কুকুরও প্রদর্শন করেছে। ভারতও প্রতিরক্ষা ক্ষেত্রে এই ধরনের যন্ত্রমানব ব্যবহার করছে।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এলএসিতে ব্যবহারিক মোতায়েনের ক্ষেত্রে বেইজিং এগিয়ে আছে।
সুলতানা দিনা/