তুরস্কের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু অ্যাজেন্সির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে যুদ্ধবিমানটি বালিকেসির থেকে উড্ডয়নের পরপরই রেডিও এবং ট্র্যাকিং থেকে হারিয়ে যায়। পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত বছরের নভেম্বরে আজারবাইজান থেকে ফেরার সময় প্রতিবেশী দেশ জর্জিয়ায় একটি C-130 কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার পর, তুরস্ক তাদের C-130 কার্গো বিমানের ফ্লাইট স্থগিত করে। এই বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন আরোহী নিহত হন।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সংস্থা লকহিড মার্টিনের নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান তাইওয়ানে নিয়মিত অভিযানের সময় সমুদ্রে বিধ্বস্ত হয়। সেই ঘটনায় বিমানটির খোঁজ না পাওয়া গেলেও এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
এর আগে গত বছরের আগস্টে পোল্যান্ডে একটি বিমান প্রদর্শনীর জন্য মহড়া দেওয়ার সময় একটি এফ-১৬ বিধ্বস্ত হয়েছিল। তখন ওই বিমানের পাইলট নিহত হন।
সাম্প্রতিক সময়ে গতকাল ২৪ ফেব্রুয়ারির ঘটনাটি তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। সূত্র: এনডিটিবি