ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৩ মার্চ) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে এক পোস্টে বলেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা পুরোপুরি সমাধানের লক্ষ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প জানান, চলমান আলোচনা সফল হওয়ার ওপর নির্ভর করে আপাতত সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় সব জাহাজ চলাচলের জন্য খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুমকিও দেন।
প্রতিউত্তরে ইরান হুঁশিয়ারি দেয় যে, তারা হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে। পাশাপাশি তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলারও হুমকি দেয়।
আজ ইরানের আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা এমন সব বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করবে, যেগুলো থেকে মার্কিন ঘাঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ হয়। এ ছাড়া মার্কিন স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোও টার্গেট করা হবে বলে সতর্ক করে আইআরজিসি।
সুমন/