এডলফ হিটলারকে ইহুদিদের বিরুদ্ধে ‘সৃষ্টিকর্তার পক্ষ থেকে শাস্তি’ হিসেবে প্রশংসা করায় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি স্থানে বক্তৃতা করতে অস্ট্রেলিয়া সফরে মাঝপথে তার ভিসা বাতিল করা হলো।
বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল প্রথম এই ঘটনাটি প্রকাশ করে।
বাংলাদেশি এই বক্তার ‘লিগেসি অব ফেইথ’ শিরোনামে সিরিজ বক্তৃতার অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে ছিলেন।
ধারণা করা হচ্ছে, মিজানুর রহমান আজহারির ভিসা গতকাল মঙ্গলবার বাতিল করা হয়েছে। বর্তমানে তিনি প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়- অভিযোগ রয়েছে, উগ্র বক্তব্যের কারণে মিজানুর রহমান আজহারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছিল এবং তার নিজ দেশ বাংলাদেশেও তাকে জনসমক্ষে ধর্মীয় বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল।
বুধবার সকালে লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, তিনি এবং অন্যান্য সংসদ সদস্যরা মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়ায় আগমনের বিষয়ে বিভিন্ন কমিউনিটি গ্রুপের কাছ থেকে আগাম সতর্কবার্তা পেয়েছিলেন।
ডেইলি মেইল জানায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক খুতবায়ও তিনি বিভিন্ন ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন। তিনি হোলোকাস্ট-এর প্রশংসা করেন এবং ইহুদিদের অমানবিকভাবে উপস্থাপন করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
আজাহারি হিটলারকে ইহুদিদের বিরুদ্ধে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, ‘ইহুদিরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’, তাদের ‘বিষাক্ত দাগ’ বলেও অভিহিত করেন।
তিনি আরও অভিযোগ করেন, ইহুদিরাই এইডসসহ বিশ্বের বিভিন্ন সমস্যার জন্য দায়ী এবং দাবি করেন যে তারাই এই রোগ সৃষ্টি করেছে।
আজহারির এই সিরিজ বক্তৃতা সফর ব্রিসবেনে সোমবার রাতে শুরু হয়, যা ৩ এপ্রিল মেলবোর্নে, ৪ এপ্রিল সিডনিতে এবং ৬ এপ্রিল ক্যানবেরায় হওয়ার কথা ছিল। সূত্র: ডেইলি মেইল
অমিয়/