যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার লেবাননে ইসরায়েলি হামলায় ২০৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, বুধবার বৈরুত ও লেবাননের অন্যান্য এলাকায় একযোগে চালানো ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত এক হাজার জন।
মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার আগে নাসেরেদ্দিন বলেন, ‘বুধবার লেবাননের ওপর চালানো আগ্রাসনে নিহতের সংখ্যা ২০৩ জন এবং আহত হয়েছেন এক হাজারের বেশি।’
এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, বুধবারের হামলায় ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হয়েছেন।
লেবাননের সেনাবাহিনী জানায়, বুধবার ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে তাদের চার সৈন্য ছিল।
লেবাননজুড়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মহাসচিব ৮ এপ্রিল লেবাননজুড়ে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলার তীব্র নিন্দা এবং সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এই হামলার ফলে শিশুসহ শত শত বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মহাসচিব।
একই সঙ্গে লেবানন সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি সতর্ক করে বলেছেন, লেবাননে এই সামরিক তৎপরতা যুদ্ধবিরতি এবং ওই অঞ্চলে একটি স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এই সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। সূত্র: আল জাজিরা, বিবিসি
অমিয়/