যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া অব্যাহত রাখেন তাহলে বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
রবিবার (১৯ এপ্রিল) ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হুমকি দেন।
হুসেইন আল-এজ্জি বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে মানবজাতি ও জ্বিন-কেউই তা পুনরায় খুলতে সক্ষম হবে না।’
তিনি আরও বলেন, ‘ট্রাম্প ও তার সহযোগীদের উচিত দ্রুত এমন সব নীতি ও কর্মকাণ্ড বন্ধ করা, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে এবং ইয়েমেনের জনগণ ও জাতির অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান করা।’
বাব আল-মান্দেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এই প্রণালী হয়ে জাহাজগুলো মিসরের সুয়েজ খালের দিকে যাতায়াত করে।
প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল), যার ফলে জাহাজ চলাচল দুটি নির্দিষ্ট চ্যানেলে সীমাবদ্ধ-একটি প্রবেশের জন্য এবং অন্যটি বহির্গমনের জন্য।
এই রুটটি বিশ্বব্যাপী পণ্য পরিবহনের অন্যতম প্রধান কেন্দ্র, বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরে পাঠানো অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহনে এর গুরুত্ব অপরিসীম। পাশাপাশি এশিয়ার উদ্দেশে রাশিয়ার তেলসহ বিভিন্ন পণ্য পরিবহনেও এই পথ ব্যবহৃত হয়। সূত্র: আল-জাজিরা
এসজি/