ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ড্রোন আবারও দক্ষিণাঞ্চলের বন্দরনগরী ওদেসায় হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। পাশাপাশি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়েছে।
ওদেসার গভর্নর ওলেহ কিপার বলেন, এই হামলায় তিনটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক ভবন, যানবাহন এবং হোটেল, গুদামের মতো বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ভবনের জানালা ভেঙে গেছে এবং বন্দর এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে সব বিশেষায়িত ও পৌরসেবা সংস্থা কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদেসা অঞ্চলের শান্তিপূর্ণ জনগণের বিরুদ্ধে রাশিয়ার সর্বশেষ যুদ্ধাপরাধের ঘটনা নথিভুক্ত করছে।’
এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ। তিনি বলেন, ‘শত্রু পক্ষের হামলায় ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।’
অন্যদিকে ইউক্রেনের একটি ড্রোন হামলায় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক কর্মচারী নিহত হয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ রয়েছে। কেন্দ্রটির রুশ-নিযুক্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আজ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ড্রোন পরিবহন বিভাগে আঘাত হানলে একজন চালক নিহত হন।
গভর্নর ফেদোরভ আরও জানান, এক দিনেই রাশিয়া ওই অঞ্চলের ৪৫টি বসতিতে ৬২৯টি হামলা চালিয়েছে, যাতে অন্তত ৫০টি বাড়িঘর ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং চারজন নারী আহত হয়েছেন। সেখানে ভবন ও যানবাহনেরও ক্ষতি হয়েছে।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ‘ভালো আলোচনা’ করেছেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে কাজ করছি এবং আশা করছি আমরা এর সমাধান করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমি পুতিনের সঙ্গেও কথা বলি, জেলেনস্কির সঙ্গেও কথা বলি এবং ভালো আলোচনা হয়েছে।’
ট্রাম্প মন্তব্য করেন, ‘পুতিন ও জেলেনস্কির মধ্যে যে বিদ্বেষ, তা অযৌক্তিক। এটি একেবারেই পাগলামি। কোনো সমস্যার সমাধান করতে গেলে ঘৃণা ভালো কিছু নয়, তবে শেষ পর্যন্ত সমাধান আসবে।’
অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, আজারবাইজানের রাজধানী বাকু সফরের সময় তিনি দেশটির সঙ্গে নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি আরও বলেন, সেখানে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়েও আলোচনা হয়েছে। সূত্র: আল-জাজিরা