যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান কর্মকর্তা এবং জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরণের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় পরিবারের পাশে থাকার জন্যই তিনি দায়িত্ব ছাড়ছেন। তার পদত্যাগ আগামী ৩০ জুন থেকে কার্যকর হবে।
নিজের পদত্যাগপত্রে গ্যাবার্ড বলেন, স্বামীর এই কঠিন সময়ে তার পাশে থাকা প্রয়োজন এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালন করা সম্ভব নয়।
তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুধু ব্যক্তিগত কারণই নয়, হোয়াইট হাউসের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধও তার পদত্যাগের পেছনে ভূমিকা রাখতে পারে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে জাতীয় নিরাপত্তা ও ইরান নীতি নিয়ে গ্যাবার্ডের অবস্থান নিয়ে অসন্তোষ ছিল বলে জানা গেছে।
গ্যাবার্ডের দায়িত্ব পালনকাল ছিল বেশ বিতর্কিত। তিনি অতীতে রাশিয়া-সম্পর্কিত মন্তব্য, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ এবং ২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিতর্কিত অবস্থানের কারণে সমালোচিত হন।
একই সঙ্গে তিনি সরকারি গোপন নথি প্রকাশ ও গোয়েন্দা সংস্থার কাঠামো পুনর্গঠনের উদ্যোগও নিয়েছিলেন।
হোয়াইট হাউস জানায়, বর্তমান উপ-জাতীয় গোয়েন্দা পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করবেন। সূত্র: সিএনএন
অমিয়/