যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী দিয়ে আবারও জাহাজ চলাচলের বিষয়ে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আর এই শান্তিচুক্তির খবরে বিশ্বে তেলের বাজারেও এসেছে স্বস্তি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ শেষ করতে ও হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচল শুরু করার বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর কথা জানানোর পর তেলের দাম কমে গত মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সোমবার (১৫ জুন) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে নেমে আসে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-এর দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। গত শুক্রবারও উভয় চুক্তিতে তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছিল।
মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালী টোলমুক্ত হিসেবে উন্মুক্ত থাকবে এবং ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ-অবরোধও তুলে নেওয়া হবে।
ইরানের আধাসরকারি সংবাদসংস্থা মেহর নিউজ অ্যাজেন্সি জানায়, খসড়া চুক্তি অনুযায়ী ইরানি ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চলাকালীন আরও একটি বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা করা হবে।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালি নিয়ে গঠিত ই-ফোর রাষ্ট্রগুলো জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির পদক্ষেপের প্রতিক্রিয়ায় তারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত। সূত্র: রয়টার্স
তামান্না রুপা/অমিয়/