চাঁদের কক্ষপথে মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা বাতিল করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর পরিবর্তে আগামী সাত বছরে ২ হাজার কোটি ডলার ব্যয়ে চাঁদের বুকে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়েছে নাসা। গত মঙ্গলবার নাসার নতুন প্রধান জ্যারেড আইজ্যাকম্যান ওয়াশিংটন সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই বড় পরিবর্তনের কথা জানিয়েছেন।
গত ডিসেম্বরে দায়িত্ব নেওয়া আইজ্যাকম্যান নাসার ফ্ল্যাগশিপ চন্দ্র অভিযান ‘আর্টেমিস’ কর্মসূচিতে এ ব্যাপক রদবদল আনছেন। তিনি জানান, বর্তমানে লুনার গেটওয়ে স্টেশনের কাজ স্থগিত রেখে সরাসরি চাঁদের পৃষ্ঠে কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। আইজ্যাকম্যানের মতে, চাঁদে দীর্ঘমেয়াদি উপস্থিতির জন্য এটি একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত।
আগে এই লুনার গেটওয়ে স্টেশনটি এমনভাবে নকশা করা হয়েছিল যেন নভোচারীরা সেখানে অবস্থান করে চাঁদে নামার প্রস্তুতি নিতে পারেন। নর্থরোপ গ্রামম্যান ও ল্যান্টেরিস স্পেস সিস্টেমসের মতো প্রতিষ্ঠানগুলো এর হার্ডওয়্যার তৈরির কাজ অনেকটা এগিয়ে নিয়েছিল। এখন সেই তৈরি করা সরঞ্জামগুলো কক্ষপথের পরিবর্তে চাঁদের মাটির উপযোগী করে গড়ে তোলা বেশ চ্যালেঞ্জিং হবে। তবে আইজ্যাকম্যান আশাবাদী যে, আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় এ সরঞ্জামগুলো পুনরায় ব্যবহার করা সম্ভব।
নাসার এ নতুন সিদ্ধান্ত কয়েক শ’ কোটি ডলারের চুক্তিতে বড় ধরনের প্রভাব ফেলছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে চীন যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, তা মোকাবিলা করতে নাসা এই জরুরি পরিবর্তন আনল। নতুন এ পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাঁদে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়। বেসরকারি মহাকাশ সংস্থাগুলোও এখন নাসার এই নতুন গন্তব্যের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের কাজ গুছিয়ে নিতে শুরু করেছে।
/আবরার জাহিন


