ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারি হওয়া অন্যজন হলেন–রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দাখিল করা চার্জশিট আমলে নিয়ে এ আদেশ দেন বিচারক।
দুদকের প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম এ বিষয়টি নিশ্চিত করে জানান, পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।
গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই আসামিরা অবৈধভাবে গুলশান-২-এ অবস্থিত ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেন বলে মামলায় অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে গত বছরের ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
প্রসঙ্গত, মামলা তদন্ত চলাকালে গত বছরের জুলাই মাসে এজাহারনামীয় আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।