ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
পেলের কীর্তিতে ভাগ বসালেন ইয়ামাল জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’

কুমিল্লায় যত বধ্যভূমি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ এএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১২ এএম
কুমিল্লায় যত বধ্যভূমি
কুমিল্লার কয়েকটি বধ্যভূমি। ছবি-সংগৃহীত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কুমিল্লার ময়নামতি সেনানিবাস থাকার কারণে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞ চলে সেনানিবাসসহ গোটা কুমিল্লায়। 

মুক্তিযুদ্ধকালীন কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কুমিল্লা শহর ও আশপাশের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষকে হত্যা করে সেনানিবাসে এনে মাটিচাপা দেওয়া হয়। এ ছাড়া জেলার সর্বত্র নারকীয় তাণ্ডবের মাধ্যমে মুক্তিযোদ্ধাসহ নিরীহ লোকদের গণকবর দেওয়া হয়। এসব গণকবর ও বধ্যভূমির অধিকাংশ এখনো শনাক্ত হয়নি। কিছু শনাক্ত হলেও সংরক্ষণ করা হয়নি। অবহেলা-অনাদরে অধিকাংশ বধ্যভূমির স্থান ঝোপ-জঙ্গলে পরিণত হয়েছে। কোথাও আবার হয়েছে গোচারণভূমি।

জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, বর্তমান সরকার জেলার শহীদ মুক্তিযোদ্ধা ১১০ জনের সমাধি সংরক্ষণের জন্য প্রতিটিতে দুই লাখ করে মোট ২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ ছাড়া ৮টি বধ্যভূমি সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রতিটিতে ৮০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা অফিস ও মুক্তিযোদ্ধা সূত্রে জানা যায়, ১৯৭১ সালে কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের পুরো এলাকাকে পাকিস্তানি বাহিনী বধ্যভূমিতে পরিণত করেছিল। একাত্তরের ২২ মার্চ থেকে ময়নামতি সেনানিবাসে পাকিস্তানের কমান্ডো ও গোলন্দাজ বাহিনী চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের চারদিকে পরিখা খনন করে। 

২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী কুমিল্লা শহরে প্রবেশ করে। ২৬ মার্চ সকালে ৫৩ ব্রিগেডের গোলন্দাজ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াকুব মালিকের নির্দেশে সেনানিবাসে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। 

৩০ মার্চ বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক এ কে এম শামসুল হক খান ও পুলিশ সুপার মুন্সী কবীর উদ্দিনকে সেনানিবাসে গুলি করে হত্যা করা হয়। 

স্বাধীনতার পর ময়নামতি এলাকার ঝোপঝাড়, ছোট ছোট টিলা, সমতল ভূমির কাশবনে, ডোবা বা নালার পাশে পাওয়া গেছে অসংখ্য নরকঙ্কাল। 

রাজনীতিবিদ ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তকে অমানুষিক নির্যাতনের পর ময়নামতি ক্যান্টনমেন্টে হত্যা করা হয়। এ ক্যান্টনমেন্টে মোট ১২টি গণসমাধি খনন করে এরই মধ্যে সাত হাজারেরও বেশি মানুষকে গণকবর দেওয়া হয়। এ ছাড়া সেনানিবাসের ভেতর রয়েছে আরও অনেক গণকবর। 

রসুলপুর বধ্যভূমি:
কুমিল্লা সদরের রসুলপুর বধ্যভূমিতে পাঁচ শতাধিক নারী-পুরুষকে মাটিচাপা দেওয়া হয়। 

মুদাফফরগঞ্জ বধ্যভূমি:
মুদাফফরগঞ্জ বধ্যভূমিতে ৩৭ জন লোককে গণকবর দেওয়া হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়ির পাশে অবস্থিত চান্দিনার হাড়ং বধ্যভূমিতে ১৮ জন মুক্তিযোদ্ধাকে গণকবর দেওয়া হয়। 

আমড়াতলী বধ্যভূমি:
কুমিল্লার আমড়াতলী বধ্যভূমিতে ১৯৭১ সালের ১১ সেপ্টেম্বর খন্দকার বাড়ির ২৬ জন নারী-পুরুষ-শিশুকে পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে গুলি করে হত্যার পর গণকবর দেয়। কুমিল্লা সদর দক্ষিণের জগতপুর বধ্যভূমি অবস্থিত। সেখানে ২৫ জনের গণকবর দেওয়া হয়। 

রামমালা বধ্যভূমি:
নগরীর রামমালা এলাকায় সার্ভে ইনস্টিটিউটের ভেতরে পুকুর পাড়ে রয়েছে রামমালা বধ্যভূমি। ১৯৭১ সালের ২৫ মার্চ ভোর ৬টার দিকে প্রথমে পাকিস্তানি হানাদার বাহিনী যখন রামমালা এলাকায় আক্রমণ চালালে ওই এলাকার অনেক মানুষ সার্ভে ইনস্টিটিউটের ভেতরে আশ্রয় নেয়। কিন্তু পাকিস্তানি সেনারা ব্রাশফায়ার করে সেখানে অবস্থানরতদের হত্যা করে। পরে গর্ত করে গণকবর দেয় হানাদার বাহিনী। স্থানীয় সূত্র মতে, এ বধ্যভূমিতে রয়েছে কমপক্ষে ৫০০ লোকের সমাধি। 

কৃষ্ণপুর ধনঞ্জয় বধ্যভূমি:
সদরের পাঁচথুবী ইউনিয়নে কৃষ্ণপুর ধনঞ্জয় এলাকায় কৃষ্ণপুর ধনঞ্জয় বধ্যভূমি অবস্থিত। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিকের এক দুপুরে এ এলাকায় বসবাসরত শিশু-নারী, কৃষকসহ ৩৭ জন সাধারণ মানুষকে ধরে এনে ব্রাশফায়ার করে নির্বিচারে হত্যা করে ঘাতক হানাদাররা। পরবর্তী সময়ে ২০০১ সালের ১৬ জুন জায়গাটি চিহ্নিত করে একটি স্মৃতিফলক স্থাপন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাছান। 

লাকসাম বেলতলী বধ্যভূমি:
৭১-এর যুদ্ধকালীন কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের পাশে দক্ষিণে বেলতলীর এই বধ্যভূমিতে কমপক্ষে ১০ হাজার বাঙালিকে নির্মমভাবে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়েছিল হানাদার বাহিনী।
পাক সেনাদের নিষ্ঠুর নির্যাতন ও হত্যাযজ্ঞের নীরব সাক্ষী লাকসাম রেলওয়ে জংশন কলোনির শ্রীধাম চন্দ্র দাশ তার মামা সুরেন্দ্র দাস ও উপেন্দ্র দাস জানান, পাকিস্তানি বাহিনী ওই সময় সিগারেট ফ্যাক্টরি থেকে নারী-পুরুষের হাজার হাজার মরদেহ নিয়ে বধ্যভূমিতে গর্ত করে মাটিচাপা দিয়েছে।

দাউদকান্দি বধ্যভূমি:
১৯৭১ সালের ২৩ মে রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রায়পুরা গ্রামের ১১ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে এখানে গণগবর দেয়।

কুমিল্লা সেনানিবাসের এমআর চৌধুরী গ্রাউন্ডের পাশের বধ্যভূমি, ১৯৭১ সালের ২৯ মার্চ কুমিল্লা সেনানিবাসে চলে নারকীয় হত্যাযজ্ঞ। কুমিল্লা সেনানিবাসে অবস্থানরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, সেনানিবাসে অবস্থানরত বেসামরিক ব্যক্তিবর্গ এবং কুমিল্লা শহর থেকে ধরে নেওয়া ব্যক্তিবর্গসহ প্রায় পাঁচ শতাধিক লোককে সেনানিবাসে হত্যা করা হয়। পরবর্তীতে এ বধ্যভূমিটি সংস্কার করে সেনানিবাস কর্তৃপক্ষ।

দেবিদ্বার বধ্যভূমি:
দেবিদ্বার উপজেলা সদরের ডাকবাংলোর সামনে অবস্থিত বধ্যভূমিটি পাক হায়নাদের নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী। ১৯৭১ সালের ২৪ জুলাই পাক হায়নারা মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্রামে ১৪২ জনকে নির্মমভাবে হত্যা করে। এর মধ্যে অনেক নারীও নির্যাতনের শিকার হন। পরে আরও ১৯ জনকে ব্রাশফায়ারে হত্যা করে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়।

বরুড়া বধ্যভূমি:
কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বটতলীতে যুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২ সেপ্টেম্বর পাকবাহিনী উপজেলার মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমণ করে। গ্রামে প্রবেশ করে ছয়জন নিরীহ লোককে হত্যা করে। বটতলীর ভয়াবহ যুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সংঘটিত হয় ১৯৭১ সালের ১০ সেপ্টেম্বর। পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর রাজাকারসহ শত শত হানাদারের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা পয়ালগাছার বটতলীতে এক সম্মুখযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সে দিন বীর মুক্তিযোদ্ধারা চতুর্দিক থেকে পাকবাহিনীকে আক্রমণ করেন। অবশেষে বীর মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত পাক হানাদার বাহিনী কিছুক্ষণের মধ্যে এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। সে দিনের বটতলীর ভয়াবহ যুদ্ধে শাহাদতবরণকারী পাঁচজন মুক্তিযোদ্ধাকে নারায়ণপুরের মাটিতে সমাধি করা হয়। 

নাঙ্গলকোট বধ্যভূমি:
নাঙ্গলকোটের পরিকোট বধ্যভূমিতে নোয়াখালী, নাঙ্গলকোট ও আশপাশের অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে তিনটি কবরে গণসমাহিত করে পাক হানাদার বাহিনী। 

চৌদ্দগ্রামের বেতিয়ারা বধ্যভূমি:
১৯৭১ সালের ১১ নভেম্বর চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা নামক স্থানে ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর ৯ জন বীর যোদ্ধা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন। বেতিয়ারার শহীদদের কবরটি এখন আগের স্থানে নেই। বেতিয়ারার শহীদদের সমাধিটি মহাসড়ক থেকে একটু পাশে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল সংবাদমাধ্যমকে বলেন, ‘কুমিল্লায় অনেক গণকবর ও বধ্যভূমি রয়েছে। এর মধ্যে ৩০টির মতো বধ্যভূমি শনাক্ত করা হয়েছে। আরও অনেক বধ্যভূমি রয়েছে। এগুলো শনাক্ত ও উন্নয়নে আমরা কাজ করছি। সরকার অর্থও বরাদ্দ দিয়েছে।’ 

জেলা জুড়ে ছড়িয়ে থাকা গণকবরের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে জেলাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো চিহ্নিত করা হবে। এগুলোর সংস্কার করে ফলক উন্মোচন করা হবে। পাশাপাশি এগুলোর ইতিহাস লিখে আগামী প্রজন্মকে অবহিত করা হবে।’ 

ইসরাত/অমিয়/

যশোর গণহত্যা দিবস ৪ এপ্রিল

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম
যশোর গণহত্যা দিবস ৪ এপ্রিল
যশোর রেলস্টেশন মাদ্রাসার ২৩ শহিদের ঐতিহাসিক গণকবর। ছবি: খবরের কাগজ

একাত্তরের সময়ে যশোরের এক নির্মমতার দিন ৪ এপ্রিল। মহান মুক্তিযুদ্ধে যশোরের ইতিহাসের নৃশংসতম দিনগুলোর অন্যতম এটি। এই দিনে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শহরজুড়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। হত্যার শিকার হন যশোরের রাজনীতিক, শিক্ষক, ছাত্র ও পেশাজীবী, ধর্মীয় নেতারা। দিনটি যশোরবাসী ‘যশোর গণহত্যা দিবস’ হিসেবে পালন করেন। 

গণহত্যায় ৫১ জন নিহতের কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও কয়েক গুণ বেশি ছিল। স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ সালে ২৪ মার্চ কয়েকজনকে শহিদ বুদ্ধিজীবীর তালিকায় স্থান দেওয়া হয়। তবে বাকিরা পাননি কোনো স্বীকৃতি। নেই কোনো স্মৃতিস্মারকও। ওই দিনের শহিদদের স্বীকৃতির দাবিতে বছরের পর বছর ঘুরছেন স্বজনরা।

কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে ও ইতিহাস ঘেঁটে জানা যায়, সারা দেশের মতো যশোরেও ১৯৭১ সালের উত্তাল মার্চে শুরু হয় মুক্তিযুদ্ধ প্রস্তুতি। আর এপ্রিলের শুরু থেকেই গোটা বাঙালি জাতি পুরোদমে যুদ্ধজয়ের প্রস্তুতিতে মাঠে নেমে পড়ে। এই যুদ্ধ প্রস্তুতিকে থামিয়ে দিতে নৃশংস হয়ে ওঠে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা। এ সময় যশোর ক্যান্টনমেন্টের পাক আর্মি শহরের বিভিন্ন স্থানে চালাতে থাকে বর্বরোচিত হামলা। যশোরে তাদের সবচেয়ে নৃশংসতম হামলার ঘটনাগুলোর অনেকটিই ঘটে ৪ এপ্রিল। এদিন যশোর ক্যান্টনমেন্টের পাক হানাদার বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন বাড়িতে ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাণ্ডব চালায়। প্রকাশ্যে গুলি করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে এদিন তারা হত্যা করে শতাধিক বাঙালিকে। 

এদিন সবচেয়ে বড় ও নির্মম হত্যাযজ্ঞের ঘটনা ঘটে যশোর রেলস্টেশন মাদ্রাসা প্রাঙ্গণে। সে দিনের সেই নারকীয় তাণ্ডবের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী রেলস্টেশন এলাকার শেখ আব্দুর রহিম জানান, ৪ এপ্রিল ভোরে শহরের রেলস্টেশন মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ শেষ করে কোরআন শরিফ পাঠ করছিলেন। এমন সময় স্থানীয় বিহারিদের সহায়তায় পাক হানাদার বাহিনীর সদস্যরা মাদ্রাসা প্রাঙ্গণে তাণ্ডব চালায়। মাদ্রাসার বড় হুজুর আবুল হাসান যশোরী পাক আর্মিদের নিবৃত্ত করতে গেলে অবাঙালিরা পাক আর্মিদের জানায় এরা সবাই ইপিআর; পাকিস্তানের শত্রু। এর পরই পাক আর্মি নির্বিচারে গুলি চালায়। মাদ্রাসা প্রাচীরের ওপর থেকে এই দৃশ্য দেখে পালিয়ে যান আব্দুর রহিম। পরে দুপুরের দিকে তিনি এবং তার ভাই জাহাঙ্গীর মাদ্রাসা প্রাঙ্গণে এসে দেখেন রক্তে ভেসে যাওয়া গোটা অঞ্চলে শুধু লাশ আর লাশ। এখানেই ছিল ২৩ জনের লাশ। তাদের মধ্যে ১৬ জনের পরিচয় মিললেও বাকি ৭ জনের পরিচয় আজও জানা যায়নি। 

এদিন বিকেলে যশোর শহরের ফাতিমা হাসপাতালের পাশের ক্যাথলিক চার্চে ঢুকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে ইতালীয় ধর্মযাজক ফাদার মারিও ভেরোনেসিসহ আরও ছয়জন নিরীহ মানুষকে। 
বিকেল প্রায় ৪টার দিকে হানাদাররা গালিগালাজ করতে করতে চার্চে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শী পরেশ সরদারের বর্ণনায় উঠে আসে সেই বিভীষিকাময় দৃশ্য–ফাদার মারিও দুই হাত উঁচু করে একজন সৈন্যের সঙ্গে কথা বলতে চাইছিলেন। কিন্তু কোনো কথা শোনার সুযোগ না দিয়ে মুহূর্তেই তাকে গুলি করা হয়। এরপর একে একে গুলি করা হয় স্বপন বিশ্বাস, অনিল সরদার, প্রকাশ বিশ্বাস, পবিত্র বিশ্বাস, ফুলকুমারী তরফদার ও ম্যাগদালেনা তরফদারকে। কেউ প্রাণ ভিক্ষা চেয়েও রক্ষা পাননি। ঘরের ভেতর ঢুকে দরজা ভেঙে–এমনকি নারীদেরও নির্মমভাবে মারপিট করা হয়। চার্চ প্রাঙ্গণ মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে।

একই দিনে শহরের গুরুদাসবাবু লেনেও চলে পাক হানাদারদের নারকীয় তাণ্ডব। এই লেনের বাড়ি থেকে অ্যাডভোকেট সৈয়দ আমীর আলী ও তার তিন ছেলে যশোর মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ছাত্র সৈয়দ নুরুল ইসলাম বকুল, সৈয়দ শফিকুর রহমান জাহাঙ্গীর এবং এইচএসসি পরীক্ষার্থী আজিজুল হককে পাক সেনারা ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যায়। সেখানে নির্মম নির্যাতনের পর তাদের হত্যা করে। 

তাদের মধ্যে ২০২৪ সালে রেলস্টেশন মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান ও জিলা স্কুলের শিক্ষক আব্দুর রউফ ও অ্যাডভোকেট সৈয়দ আমীর আলী শহিদ বুদ্ধিজীবীর তালিকায় ঠাঁই পেয়েছেন। 

যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল বলেন, গণহত্যার শিকার শহিদদের স্বীকৃতির দাবি দীর্ঘদিনের। এ ছাড়া যশোরের গণহত্যা দিবসের কোনো স্মৃতিস্তম্ভ বা স্মারক নেই। তিনি কবর সংরক্ষণ, শহিদদের স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।

নাটোর মুক্ত দিবস ২১ ডিসেম্বর

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
নাটোর মুক্ত দিবস ২১ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতীয়ভাবে বাংলাদেশের বিজয় অর্জিত হলেও নাটোর মূলত মুক্ত হয় আরও ৫ দিন পর ২১ ডিসেম্বর। ওইদিন নাটোরের উত্তরা গণভবনে ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে নাটোর মুক্ত হয়।

পাকিস্তান বাহিনীর নাটোর ব্যারাক কমান্ডার পিএ ১৭০২ ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ ভারতীয় বাহিনীর আইসি ৪৫৫১ ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে আত্মসমর্পন করেন।

জানা যায়, মু্ক্তিযুদ্ধের সময় নাটোর ছিল পাকিস্তান হানাদারদের ২নং সেক্টরের হেডকোয়ার্টার। এখান থেকেই দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যুদ্ধ পরিচালনা করতো পাক বাহিনী। ১৬ ডিসেম্বর দেশের অন্যান্যস্থান শত্রুমুক্ত হলেও ২১ ডিসেম্বর আত্মসমর্পনের আগ পর্যস্ত পূরো নাটোর ছিল পাক বাহিনীর দখলে। নাটোরের উত্তরা গণভবন ছাড়াও আনছার কোয়ার্টার, নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ, নাটোর রাজবাড়ি, পিটিআই,নাটোর মহারাজা জেএন উচ্চ বিদ্যালয়,ভকেশনাল স্কুল,দিঘাপতিয়া কালিবাড়ি ও বর্তমান উপজেলা পরিষদ কার্যালয় ছিল পাক সেনাদের ঘাটি। এ সময় পাক হানাদার বাহিনী নাটোর সদর উপজেলার ফুলবাগান, ছাতনী, দত্তপাড়া, মোহনপুর, লালবাজার, কাপুড়িয়াপট্টি, শুকলপট্টি, মল্লিকহাটি, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ক্যাথলিক মিশন, গুরুদাসপুর উপজেলার নাড়িবাড়ি, সিংড়া উপজেলার হাতিয়ানদহ, কলম এবং লালপুর উপজেলার গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরসহ ২০টি স্থানে গণহত্যা চালায়। 

১৬ ডিসেম্বর ঢাকায় পাক বাহিনীর আত্মসমর্পনের পর বগুড়া, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নবাবজগঞ্জ প্রভৃতি স্থান থেকে পাকিস্তানি সেনারা নাটোরের পিটিআই স্কুল, আনসার হল, রিক্রিয়েশন ক্লাব, এনএস সরকারি কলেজ, নাটোর রাজবাড়ি ও দিঘাপতিয়া উত্তরা গণভবনে (তৎকালীন গভর্ণর হাউস) আশ্রয় নেয়। এরপর ২১ ডিসেম্বর উত্তরা গণভবন 
চত্বরে পাকিস্তান বাহিনীর নাটোর ব্যারাক কমান্ডার পিএ ১৭০২ ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ ভারতীয় বাহিনীর আইসি ৪৫৫১ ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নুর কাছে আত্মসমর্পন করেন। 

এ সময় পাকিস্তান বাহিনীর ১৫১ জন অফিসার, ১৯৮ জন জেসিও, ৫ হাজার ৫০০ সৈনিক, ১ হাজার ৮৫৬ জন আধা-সামরিক বাহিনীর সদস্য তাদের ৯টি ট্যাংক, ২৫টি কামান ও ১০ হাজার ৭৭৩টি ছোট অস্ত্রসহ আত্মসমর্পন করে। 

নাটোরের বীর প্রতীক সোলায়মান আলী দাবি করেন, পাকিস্তানি বাহিনী নাটোরের যে সকল স্থানে গণহত্যা চালিয়েছিল তার কিছুস্থানে গণকবর ও শহিদ মিনার নির্মিত হলেও তার যথোপোযুক্ত তত্বাবধান নেই। এখনও কোনো শহিদ স্মৃতি নির্মিত হয়নি বর্তমান সদর উপজেলা পরিষদের (মুক্তিযুদ্ধকালীন  মিলিটারি পুলিশ হেডকোয়ার্টার) ভেতরের শিমুলতলায়। তালিকা হয়নি গণকবরে শায়িত শহিদদের। সংরক্ষিত হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতি, যা সদর উপজেলা পরিষদ চত্বরের পরিত্যাক্ত ভবন সংস্কার করে করা যায়। সংগ্রহ ও সংরক্ষণ করা হয়নি নাটোরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। 

শুধুমাত্র বিশেষ দিন পালন ও শহিদদের স্মরণের মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রাখলে ভবিষ্যৎ প্রজন্ম এই ইতিহাস ভুলে যাবে দাবি করে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তিনি সরকারসহ সংশ্লিষ্টদের আশু পদক্ষেপ কামনা করেন।

কামাল মৃধা/অমিয়/

নওগাঁয় হানাদারমুক্ত দিবস পালিত

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
নওগাঁয় হানাদারমুক্ত দিবস পালিত
ছবি: খবরের কাগজ

মুক্তিযুদ্ধের বিজয়ের দু’দিন পর ১৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নওগাঁ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে জেলাটিতে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ উপলক্ষে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে। প্যারীমোহন লাইব্রেরি চত্বর থেকে র‍্যালিটি বের হয়।

একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারীর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে একুশে পরিষদের সর্বস্তরের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি কাচারি সড়ক, ঔষধপট্টি, ব্রিজের মোড়, প্রথম সড়ক ধরে মুক্তির মোড় হয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে সমবেত হয়। সেখানে একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারীসহ অন্যরা বক্তব্য রাখেন।

এদিকে ১৮ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলার মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস হলেও নওগাঁ মহকুমা তখন পাক সেনাদের দখলে ছিল। এ সময় পাক সেনারা মৃত্যুর ভয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয়নি। পাক সেনারা কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সমবেত হয়ে আশ্রয় গ্রহণ করে। তাদের চাহিদা মোতাবেক ১৮ ডিসেম্বর বগুড়া থেকে মিত্রবাহিনীর একজন কমান্ডার এবং ভারতের বালুরঘাট থেকে পি ভি রায় নামের আরেকজন কমান্ডার নওগাঁয় এলে পাক সেনারা তৎকালীন মহকুমা প্রশাসকের কার্যালয়ে আত্মসমর্পণ করে। নওগাঁ হয় হানাদারমুক্ত।

এদিকে ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এই দুই দিনে পাক সেনারা নওগাঁ শহরের সন্নিকটে জগৎসিংহপুরে একটি অভিযান চালিয়ে পাঁচজন নিরীহ বাঙালিকে হত্যা করে।

ময়মনসিংহে মুক্তিযুদ্ধ: দিনের বেলায় কৃষক, রাতে গেরিলা

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
ময়মনসিংহে মুক্তিযুদ্ধ: দিনের বেলায় কৃষক, রাতে গেরিলা
স্বাধীনতা যুদ্ধে শহিদ যোদ্ধাদের স্মরণে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় নির্মিত স্মৃতিস্তম্ভ। ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে চূড়ান্ত বিজয়ের দিন। ১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। এই বিজয়ের পেছনে যে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, তার এক অবিচ্ছেদ্য অংশ ছিল ময়মনসিংহ অঞ্চল। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ জেলা ছিল গুরুত্বপূর্ণ রণাঙ্গন। এই জনপদের মাটি আজও বহন করে অসংখ্য মুক্তিযোদ্ধার রক্ত, আর প্রতিটি পথ-প্রান্তর সাক্ষ্য দেয় সাহস, ত্যাগ ও প্রতিরোধের ইতিহাস।

ময়মনসিংহের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়, ৭ মার্চ থেকেই ময়মনসিংহে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। এরই মধ্যে ২৫ মার্চের কালরাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর ছড়িয়ে পড়তেই ময়মনসিংহের ছাত্র, শিক্ষক, কৃষকসহ অনেক তরুণ কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই অস্ত্র হাতে তুলে নেন। আর যারা প্রশিক্ষণ নিয়েছিলেন, তারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছিলেন ময়মনসিংহে।

ময়মনসিংহ অঞ্চল ছিল মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধভূমি। ২৫ মার্চের কালরাতের ভয়াবহতার পর এই সেক্টরের অধীনে সংগঠিত মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধ ও গেরিলা অভিযানের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে নাস্তানাবুদ করে তোলে। রেললাইন ধ্বংস, সেতু ও কালভার্ট উড়িয়ে দেওয়া, সামরিক কনভয়ে অতর্কিত হামলাসহ সব কৌশলে মুক্তিযোদ্ধারা শত্রুপক্ষের রসদ সরবরাহ ও যোগাযোগব্যবস্থা ভেঙে দেন। দিনের বেলায় কৃষক, রাতে গেরিলা–এই ছিল ময়মনসিংহের মুক্তিযোদ্ধাদের পরিচয়।

বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী ময়মনসিংহে ভয়াবহ দমন-পীড়ন চালায়। জেলার প্রতিটি ইউনিয়নসহ গ্রামে গ্রামে গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নারীদের ওপর পাশবিক নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। এসব বর্বরতার প্রত্যক্ষ সাক্ষী হয়েও মুক্তিযোদ্ধারা দমে যাননি। অনেকেই নিজের ঘরবাড়ি জ্বলে যেতে দেখেছেন, মা-বাবা কিংবা ভাইকে হারিয়েছেন, তবু তারা যুদ্ধের ময়দান ছাড়েননি। তাদের কাছে ব্যক্তিগত শোকের চেয়েও বড় ছিল নিজ মাতৃভূমির মুক্তি।

মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের মুক্তিযোদ্ধাদের বড় শক্তি ছিল সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন। গ্রামবাসী রাতের আঁধারে খাবার, আশ্রয় ও খবর দিয়ে সাহায্য করেছেন। নারীরা নিজেদের অলংকার বিক্রি করে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ জুগিয়েছেন। এই সম্মিলিত প্রতিরোধ পাকিস্তানি বাহিনীর জন্য ময়মনসিংহকে এক ভয়ংকর যুদ্ধক্ষেত্রে পরিণত করে।

ডিসেম্বরের শুরুতেই যুদ্ধের মোড় ঘুরে যায়। ৩ ডিসেম্বর থেকে চূড়ান্ত আক্রমণ শুরু হলে ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের অভিযান আরও জোরদার হয়। পাকিস্তানি বাহিনী বুঝে যায়, এই অঞ্চল আর ধরে রাখা সম্ভব নয়। একের পর এক ক্যাম্প ছেড়ে তারা পিছু হটতে থাকে। অবশেষে ১০ ডিসেম্বর ১৯৭১ ময়মনসিংহ শত্রুমুক্ত হয়। শহরে ও গ্রামে গ্রামে উড়তে থাকে লাল-সবুজের স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তিযোদ্ধাদের কাঁধে তুলে নেয় জনতা, কিন্তু সেই উল্লাসের মধ্যেও ছিল অশ্রু-শহিদদের স্মরণে।

একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ময়মনসিংহের সেই বিজয় চূড়ান্ত স্বীকৃতি পায়। এই দিনটি তাই শুধু রাষ্ট্রীয় বিজয়ের দিন নয়, ময়মনসিংহের প্রত্যেক মুক্তিযোদ্ধার আত্মত্যাগের স্বীকৃতির দিন। যারা নামের তালিকায় নেই, যারা অচিহ্নিত কবরেই ঘুমিয়ে আছেন, তারাও এই বিজয়ের অংশীদার।

বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বলেন, ‘১৯৭১ সালে যখন অস্ত্র হাতে নিয়েছিলাম, তখন আমাদের কাছে স্বাধীনতা মানে ছিল বেঁচে থাকার অধিকার। আমরা কেউ বড় কোনো পদ-পদবির জন্য যুদ্ধে যাইনি, যাইনি কোনো পুরস্কারের আশায়। আমরা গিয়েছিলাম এই দেশের মানুষের সম্মান রক্ষা করতে, মায়ের ভাষা আর ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে।’

তিনি স্মৃতিচারণ করে আরও বলেন, ‘যুদ্ধের দিনগুলো ছিল ভয়াবহ। দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে, গভীর রাতে নদী পেরিয়েছি, অন্ধকার জঙ্গলে লুকিয়ে থেকেছি। চোখের সামনে সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। অনেককে কাঁধে তুলে নিয়ে ফিরেছি–কেউ আর কথা বলেনি, কেউ আর কোনো দিন হাঁটতে পারেনি। কিন্তু আমরা পিছু হটিনি। কারণ আমরা জানতাম–পিছু হটার মানে পরাধীনতা মেনে নেওয়া।’

ময়মনসিংহের বিজয়ের ইতিহাসে আজ ১৬ ডিসেম্বর আমাদের শুধু গর্বিত করে না, দায়বদ্ধও করে। এই বিজয় আমাদের শেখায়–স্বাধীনতা কখনো উপহার নয়, এটি ছিনিয়ে আনতে হয়। মুক্তিযোদ্ধাদের সেই চেতনা ধারণ করাই এই দিনের প্রকৃত সম্মান। ময়মনসিংহের মাটি আজও উচ্চারণ করে–এই স্বাধীনতা রক্তে কেনা, এই বিজয় কোনো আপসের ফল নয়।

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়েছিল ১৫ ডিসেম্বর

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়েছিল ১৫ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা হাজার শহিদদের রক্তের বিনিময়ে মুক্ত হয় এই জেলা।

বাঙলা মায়ের দামাল সন্তান বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্বে মহানন্দা নদীর তীরবর্তী গ্রাম রেহায়চর এলাকায় সংগঠিত হয় এক রক্তয়ী যুদ্ধ। পাকহানাদার বাহিনীর সাথে সুম্মুখযুদ্ধে ধ্বংস করে দেয় শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। শত্রুমুক্ত হয় চাপাইনবাবগঞ্জ।

১৯৭১ সালে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্যান্য এলাকা মুক্ত হয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জ শহর ছিল পাক হানাদার বাহিনী ও দেশীয় শত্রুদের দখলে। চাঁপাইনবাবগঞ্জ শহর শত্রুমুক্ত করার দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে। ১৩ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শহর মুক্ত করতে কয়েকটি নৌকায় মুক্তিযোদ্ধাদের নিয়ে রেহায়চর এলাকায় যুদ্ধের প্রস্তুতি নেন। সম্মুখযুদ্ধে একের পর এক পরাস্ত করতে থাকেন শত্রু বাহিনীকে। ১৪ ডিসেম্বর রাতের আধার কেটে সকালে সূর্য উঠার আগেই নির্ভিক মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর সহযোদ্ধাদের নিয়ে বীরদর্পে এগিয়ে চলেন এবং ধ্বংস করে দেন শত্রু বাহিনী ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। 

জাহাঙ্গীরের দুঃসাহসিক ও দুরন্ত আক্রমণে শত্রুরা আস্তানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। রেহায়চর ঘাটের কাছেই শত্রুদের সর্বশেষ বাংকারটি দখল করতে যাওয়ার সময় হটাৎ একটি গুলি লাগে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কপালে। সেখানেই শাহাদাৎ বরণ করেন তিনি। পরের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর তাকে দাফন করা হয় হযরত শাহ নেয়ামাত উল্লাহ (রহ.)-এর পুণ্যভূমি বাংলার পুরাতন রাজধানী গৌড়ের সোনামসজিদ চত্বরে। এরপর আর কোনো যুদ্ধ হয়নি চাঁপাইনবাবগঞ্জে। মুক্ত হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ। 

তবে ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হলেও বাংলাদেশের পতাকা উত্তোলন করে মুক্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর।

আসাদুল্লাহ/অমিয়/