আসন্ন ঈদুল ফিতরের পর পুরান ঢাকার অবৈধ রাসায়নিক গুদামের ভবনগুলো সিলগালা করে পানি-বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই হুঁশিয়ারি দেন। ‘পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ’ এই মতবিনিময় সভা আয়োজন করে ডিসিসিআই।
মেয়র আরও বলেন, ‘আমাদের তালিকাভুক্ত ১ হাজার ৯২৪টি রাসায়নিক গুদাম ও ব্যবসায়িকপ্রতিষ্ঠান সেখানে রয়েছে। আমরা ২০১৭ সালের পর থেকে সেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন বন্ধ রেখেছি। ভবনগুলো সিলগালা করে বিদ্যুৎ-পানি বন্ধ করে দেব। এতে পুরো ভবন বন্ধ হয়ে যাবে। তখন যে ভোগান্তি হবে সে জন্য আপনারা আমাদের দোষারোপ করতে পারবেন না।’
শেখ ফজলে নূর তাপস বলেন, ‘পুরান ঢাকা আমরা আর ঝুঁকিপূর্ণ রাখতে পারি না। কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা প্রতিনিয়ত ঘটছে। ইতোমধ্যে রাসায়নিক দ্রব্যাদি স্থানান্তরের জন্য যে গুদাম ঘর, কারখানা প্রয়োজন তা শিল্প মন্ত্রণালয় থেকে শ্যামপুরে শিল্পাঞ্চল করে দেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত সেখানে মাত্র একজন গেছেন। আমরা তাকে ট্রেড লাইসেন্স দিয়েছি। আরেকজন আবেদন করেছেন। সেটাও আমরা করে দিচ্ছি। আজকের এই সভার মাধ্যমে পুরান ঢাকায় যারা রাসায়নিক ব্যবসা করছেন তাদের প্রতি আমার নিবেদন এবং কঠোর হুঁশিয়ারি থাকবে। আপনারা আইন অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ে আবেদন করে সেখানে স্থানান্তরিত হন। না হলে ঈদের পরে আমরা চিরুনি অভিযান করব।’
ডিসিসিআইয়ের সভাপতি আশরাফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, পরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক মো. আব্দুল বাকী মিয়াসহ পুরান ঢাকাকেন্দ্রিক ব্যবসায়িক সংগঠনের নেতারা।




