সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসে জড়িত ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানের আওতায় আসা কর্মকর্তা-কর্মচারী হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।
তাদেরকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং একাধিক ফৌজদারি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ টিম অনুসন্ধান কাজ শুরু করেছেন। ইতোমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট পিএসসির ওই কর্মকর্তাদের নামে-বেনামে থাকা অর্থসম্পদের তথ্য চেয়ে ব্যাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, দেশের সব ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের ওই টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক টিমের সদস্যরা কাজ শুরু করেন।
এর আগে গত ১১ জুলাই অভিযুক্ত ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকের কাছে চিঠি পাঠায় পিএসসি কর্তৃপক্ষ।
পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা শবনম স্বাক্ষরিত চিঠিতে পিএসসির বহিষ্কৃত উপপরিচালক আবু জাফর, জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলামের দুর্নীতি ও তাদের নামে-বেনামে থাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের অনুরোধ জানানো হয়। এই চিঠি আমলে নিয়ে তদন্ত শুরু করে দুদক।