কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার বিভিন্ন ঘটনায় করা মামলায় মহানগরসহ জেলার মোট ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন ঢাকার আদালত। তাদের মধ্যে ৩৭ জন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এবং ৫ জন ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন পেয়েছেন। শুক্রবার (২ আগস্ট) তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
সিএমএম আদালতে জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন জাবের হোসেন, ইমরান আহম্মেদ আফসার, আসিফ খান, আলী হোসেন ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন ও ছোয়াদ উর রহমান। গতকাল বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আর ঢাকা জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার হওয়া ৫ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত। জামিন পাওয়া এই ৫ পরীক্ষার্থী হলেন সামির হোসেন, রাশেদুল হাসান তুহা, সোয়াদ উর রহমান, রুহুল আমিন ও রনি শেখ। তাদের আইনজীবী মো. মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকেন, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তি দিতে সরকার আইনি সহায়তা দেবে।