বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি, কোস্টগার্ডের ১টিসহ মোট ৩৩টি ক্যাম্পের মাধ্যমে উদ্ধার, চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী।
গত বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে এলাকাভিত্তিক বিভিন্ন সংস্থা/এনজিওর মোবাইল নম্বরগুলো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের কার্যক্রম গ্রহণ করেছে সশস্ত্র বাহিনী বিভাগ।
সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ মোট ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা দিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় (২৯ আগস্ট) সশস্ত্র বাহিনী মোট ৫০৩ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ১ হাজার ৩৩০ জনকে রান্না করা খাবার দিয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ ৭ হাজার ৯১০ টিন শিশুখাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার পানি বিতরণ করেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।