মঙ্গলবার দুপুরের পর থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে গণজমায়েত শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে স্লোগান আর বক্তৃতায় মুখরিত হয়ে আছে শহিদ মিনার ও এরআশপাশের এলাকা।
‘ফ্যাসিবাদের গদিতে, জ্বালো জ্বালো আগুন জ্বালো’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ এ ধরনের স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য সমন্বয়করা এতে বক্তব্য রাখেন।
অন্যদিকে বঙ্গভবনও ঘেরাও করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের। সেই খবরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানেও তার পদত্যাগের দাবিতে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সাক্ষাৎকারে বলেছিলেন,‘আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।’ রাষ্ট্রপতির এই মন্তব্যটি প্রকাশ্যে আসার পরই তার পদত্যাগের বিষয়টি আরও জোরালো হয়।